মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোয় বন্যায় ১ লাখ ২২ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অবিরাম বৃষ্টি থেকেই তৈরি হয়েছে এরকম বন্যা পরিস্থিতি। দেশটির দুর্যোগ কর্মকর্তারা শনিবার একথা জানান।
দেশটির বর্তমান প্রাকৃতিক দুর্যোগ ২০১৪ সালের ভয়ংকর বন্যা পরিস্থিতিকেও ছাড়িয়ে গেছে। সেবার বন্যায় ১ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। ভারী বর্ষণ অব্যাহত থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দুর্যোগ কর্মকর্তারা।
চলমান প্রাকৃতিক দুর্যোগে কেলান্তান, তেরেঙ্গানু ও সারাওয়াক অঞ্চলে চারজনের মৃত্যু হয়েছে। জাতীয় দুর্যোগব্যবস্থাপনা সংস্থার তথ্যানুসারে, কেলান্তান রাজ্যে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্যটির ৬৩ শতাংশ বা ১ লাখ ২২ হাজার ৬৩১ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তেরেঙ্গানুতে প্রায় ৩৫ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও সাতটি রাজ্য থেকে বাস্তুচ্যুতির খবর পাওয়া গেছে।
চলতি সপ্তাহের শুরুর ভাগে হওয়া ভারী বর্ষণের কারণে কেলান্তানের পাসির পুতেহ অঞ্চলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। ওই শহরে লোকজনকে কোমড়পানিতে রাস্তা দিয়ে হাঁটতে দেখা যায়। সূত্র: এএফপি