ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে নৌবাহিনীর বড় নৌযানের ধাক্কায় যাত্রীবাহী ফেরি উল্টে ১৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিশ।
নীলকমল নামের যাত্রীবাহী ফেরিটি বিখ্যাত পর্যটন এলাকা এলিফ্যান্টা কেইভসে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয় বলে জানায় বৃহানমুম্বই মিউনিসিপাল করপোরেশন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘ইঞ্জিন পরীক্ষার সময় নৌবাহিনীর একটি নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ফেরিতে আঘাত করে। ঘটনাক্রমে ফেরিটি উল্টে যায়।’
এ বিষয়ে ফাদনবিশ বলেন, ‘এই দুর্ঘটনায় আমার অন্তর থেকে শোক প্রকাশ করছি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে আমাদের সহানুভূতি রয়েছে।’
এই দুর্ঘটনায় এক নৌবাহিনীর সদস্যসহ মোট ১৩ জন মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এই দুর্ঘটনার ভিডিও প্রকাশ হয়েছে।
উদ্ধার হওয়া এক যাত্রী বলেন, ‘নৌবাহিনীর যান আমাদের ফেরিতে আঘাত করার পর দ্রুত পানি ঢুকতে শুরু করে। তখন উপায় না দেখে ফেরিচালক আমাদের লাইফ জ্যাকেট পরতে বলেন। প্রায় ১৫ মিনিট সাঁতার কাটার পর একটি নৌকা আমাকে উদ্ধার করে।’
এদিকে ভারতের প্রধানমন্ত্রী এক্সের এক পোস্টে বলেন, ‘মুম্বাইয়ে নৌযান দুর্ঘটনা খুবই দুঃখজনক। হতাহতের পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল।’
ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রতিটি মৃতের পরিবারকে ২ লাখ রুপি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন মোদি।
আহতরা চিকিৎসার খরচ বাবদ প্রত্যেকে ৫০ হাজার রুপি অর্থ সহায়তা পাবেন। সূত্র: আল-জাজিরা
নাইমুর/অমিয়/