ইসরায়েলের প্রধান নগরী তেল আবিবের জাফা এলাকায় ইয়েমেনের ইসলামপন্থি সংগঠন হুথি ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে এবং তেল আবিব তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এই ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হয় বলে রয়টার্স জানায়।
স্থানীয় অ্যাম্বুলেন্স সেবা জানায়, এতে ১৪ জন সামান্য আহত হয়েছেন।
অ্যাম্বুলেন্স সেবা এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের মধ্যে ১৪ জনের শরীরে ক্ষুদ্র স্প্লিন্টারের আঘাত পাওয়া গেছে এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তেল আবিবের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র পড়ার খবর পেয়েছে।
এদিকে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল উদ্ধারকাজ পরিচালনা করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকার নির্দেশও দেওয়া হয়েছে এই পোস্টে।
ইরান সমর্থিত ইসলামপন্থি রাজনৈতিক ও সামরিক সংগঠন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একাধিকবার ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। এ ছাড়া লোহিতসাগর ও এডেন উপসাগরে ইসরায়েল ও পশ্চিমাদের বিভিন্ন নৌযানেও হামলা করে আসছে তারা। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন হিসেবে তারা এসব হামলা চালাচ্ছে বলে দাবি তাদের।
তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে হুথিদের দমনের চেষ্টা করলেও এখনো সফল হতে পারেনি।
এর আগে গত বৃহস্পতিবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে বন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ইয়েমেনের সংবাদমাধ্যম জানায়। ওই হামলায় অন্তত ৯ জন নিহত হন। এই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে সতর্কও করেছিল হুথিরা। সূত্র: রয়টার্স
তাওফিক/