উন্নয়নশীল রাষ্ট্রের জোট ব্রিকসের সঙ্গে যুক্ত হয়েছে ইন্দোনেশিয়া। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট দেশগুলোতে আর্থ-সামাজিক উন্নয়নে পরস্পরকে সহায়তা করার উদ্দেশ্য গঠিত।
সোমবার (৬ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইন্দোনেশিয়ার অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করে ব্রাজিল প্রশাসন। আন্তর্জাতিক পরিমণ্ডলে দক্ষিণ গোলার্ধের ক্ষমতা বাড়াতে ইন্দোনেশিয়া ব্রিকসকে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হয় এই বিবৃতিতে।
এ প্রসঙ্গে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস সামিটেই ইন্দোনেশিয়াকে সদস্যপদের অনুমোদন দেওয়া হয়।
এদিকে আনুষ্ঠানিক স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনাকে ‘অগ্রগতির স্মারক;’ আখ্যা দিয়ে এক বিবৃতিতে জাকার্তা বলে, ‘এই পদক্ষেপের মাধ্যমে অন্তর্ভক্তিমূলক আন্তর্জাতিক জোটের প্রতি ইন্দোনেশিয়ার সদিচ্ছা প্রকাশ পেয়েছে।’
এর আগে ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে প্রতিষ্ঠিত হয় এই জোট। পরের বছর দক্ষিণ আফ্রিকা এই জোটের অংশ হয়।
এদিকে কর্মক্ষমতা বাড়াতে গেল বছর ইরান, মিশর , ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করে ব্রিকস।
এদিকে ব্রিকসের সঙ্গে যুক্ত হয়ে ইন্দোনেশিয়া ‘উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে সাম্য, সম্মান ও উন্নয়নের সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে’ বলে মন্তব্য করেছে জাকার্তা প্রশাসন।
এ ছাড়া সংস্থাটির প্রধান রাশিয়াকেও ধন্যবাদ জানিয়েছে জাকার্তা।
২০২৫ সালে ব্রাজিল ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করবে। মার্কিন মুদ্রার ওপর নির্ভরতা কমিয়ে বিনিময়ের ক্ষেত্রে বিকল্প মুদ্রার নির্ধারণ করার লক্ষ্য সামনে রেখে কাজ করবে দেশটি।
চলতি বছরের জুলাইয়ে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে সংস্থাটির পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সূত্র: রয়টার্স
নাইমুর/