দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পরই বেশকিছু নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে কেউ জন্মগ্রহণ করলেই সে দেশটির জন্মসূত্রে নাগরিকত্ব পাবে, সেই সাংবিধানিক অধিকারকে বাতিল করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটনের ওভাল অফিসে এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন বলে বিবিসি জানায়।
এর আগে ২০২৪ সালে ৬০তম মার্কিন নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি ঘোষণা দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই কেউ জন্মসূত্রে দেশটির নাগরিক হবেন তা বাতিল করা হবে।
তিনি মনে করেন, ১৫০ বছরের পুরোনো এই সাংবিধানিক অধিকার একটি ‘হাস্যকর’ বিষয়।
এরই প্রেক্ষিতে শিক্ষা বা পর্যটন ভিসার মতো সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে যদি কেউ সন্তান জন্ম দেন, তবে সেই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। এমন এক নতুন আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে যদি শিশুর বাবা বা মা যুক্তরাষ্ট্রের নাগরিক হন, তবে সেই সন্তান জন্মের পরই মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে।
এই আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন, সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার থাকায় তার এই পদক্ষেপ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সূত্র: বিবিসি
তাওফিক/