সুদানের রাজধানী খার্তুমের পার্শ্ববর্তী শহর ওমদুরমানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯জন প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন দেশটির বেশ কয়েকজন সামরিক সদস্য ও চিকিৎসক।
বিমানটি ওয়াদি সাইদনা সামরিক ঘাঁটি থেকে উত্তরণের সময় দুর্ঘটনার শিকার হয়।
এই ঘটনার পর এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানায়, বিমানে বেসামরিক নাগরিকের পাশাপাশি সেনাসদস্যও ছিলেন। তবে দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রাথমিকভাবে নিশ্চিত করেননি তারা।
তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বিমান দুর্ঘটনায় অন্তত ১৯ জন মারা গেছেন। ভুক্তভোগীদের মরদেহ ওমারদুনের নাউ অঞ্চলে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তারা। এ ছাড়া নিকটস্থ হাসপাতালে দুই শিশু সহোদরসহ মোট পাঁচ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
২০২৩ সাল থেকে গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের সেনাবাহিনী দেশটিতে তৎপর সশস্ত্র সংগঠন র্যাপিড মিলিটারি ফোর্সেসের সঙ্গে যুদ্ধরত।
চলমান সহিংসতায় দেশটির বেশিরভাগ অঞ্চলের অবকাঠামো চূড়ান্ত ধ্বংস্তূপে পরিণত হয়েছে। সূত্র: এপি নিউজ
নাইমুর/