হামাস ও ইসরায়েলের মধ্যে গাজার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে বন্দিদের মুক্তির কার্যক্রম শুরু হয়েছে।
ফিলিস্তিনি সূত্র অনুযায়ী, মধ্য পশ্চিম তীরের ওফার কারাগার থেকে বন্দিদের বহনকারী বাসগুলো বেইতুনিয়া এলাকার অভ্যর্থনা কেন্দ্রের দিকে রওনা হয়েছে।
হামাসসংশ্লিষ্ট প্রিজনার্স ইনফরমেশন অফিস জানিয়েছে, সপ্তম ও অষ্টম ব্যাচের বন্দিদের মুক্তি একীভূত করা হয়েছে, যার ফলে মোট ৬৪২ জন বন্দি মুক্তি পাচ্ছেন। এই মুক্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ঘটছে, যা যুক্তরাষ্ট্রের সহায়তায় মিশর ও কাতারের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে। হামাস এটিকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় সবচেয়ে বড় বন্দি মুক্তির ঘটনা হিসেবে উল্লেখ করেছে।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, ‘এটি ফিলিস্তিনি জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা যুদ্ধবিরতি চুক্তির আওতায় সবচেয়ে বড় বন্দি মুক্তি।’
তিনি আরও জানান, হামাস যেকোনো বিনিময় চুক্তিতে ফিলিস্তিনি বন্দিদের মুক্তিকে সর্বাধিক অগ্রাধিকার দেয়।
গত মঙ্গলবার হামাস ঘোষণা করেছিল, ফিলিস্তিনি বন্দিদের বিলম্বিত মুক্তি নিয়ে তারা এক বিরোধ নিষ্পত্তি করেছে, যা মূলত শনিবার হওয়ার কথা ছিল। কায়রোতে হামাস প্রতিনিধি দল এবং মিশরীয় কর্মকর্তাদের আলোচনার পর এই প্রস্তাবটি এসেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বন্দিদের মুক্তির আগে মধ্যস্থতাকারীদের কাছ থেকে কিছু আশ্বাস চেয়েছিলেন, যার কারণে মুক্তির এই বিলম্ব ঘটেছে।
ইউএনবি/তাওফিক