ট্রাম্পের গাজা দখল প্রস্তাবের বিপরীতে বিকল্প নিয়ে এসেছে আফ্রিকার আরব দেশ মিসর। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণে ৫৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে পাঁচ বছরব্যাপী পরিকল্পনা প্রস্তাব করেছে দেশটি।
মঙ্গলবার (৪ মার্চ) কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে এই প্রস্তাব রাখার বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা ডয়েচে ভেলে। ট্রাম্পের বিতর্কিত গাজায় ‘মধ্যপ্রাচ্যের মরুদ্যান’ তৈরি প্রস্তাবের বিপরীতে এই বিকল্প পরিকল্পনা নিয়ে এসেছে কায়রো সরকার।
এই প্রকল্পের অধীনে প্রথম ছয় মাস গাজার দালানের ধ্বংস্তূপ সরিয়ে সাময়িক আবাসন তৈরিতে নজর দেওয়া হবে। প্রথম দুবছরের মধ্যে প্রায় ২ লাখ ঘর বানানো হবে, পরের দুবছরে আরও ২ লাখ ঘরের ব্যবস্থা করা হবে।
এদিকে গাজা থেকে সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহারের দাবি রেখেছে ইসরায়েল। তবে এই প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ দাবি করে সরাসরি প্রত্যাখান করেছে সশস্ত্র সংগঠন হামাস। দুপক্ষের মতভেদের কারণে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের উদ্দেশে অনুষ্টেয় আলোচনাও অনিশ্চিত হয়ে পড়েছে।
সম্প্রতি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করে অঞ্চলটি পুনর্নির্মাণের প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই প্রস্তাবের পর গাজার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আরব দেশের নেতারা জরুরি বৈঠকের আয়োজন করেছেন। ট্রাম্প-নেতানিয়াহু জোটের এসব প্রস্তাবে নিন্দা প্রকাশ করেছেন তারা।
গাজা অঞ্চলের ক্ষয়ক্ষতি নিয়ে এখনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি। তবে জাতিসংঘের স্যাটেলাইট জরিপে দেখা গেছে, অঞ্চলটির প্রায় ৭০ শতাংশ ভবন পুরোপুরি ধ্বংস অথবা গুরুতরভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ ছাড়া জাতিসংঘের আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, গাজায় এখন প্রায় ৫০ মিলিয়ন টন কংক্রিটের ধ্বংস্তূপ জমা হয়েছে। এসব জঞ্জালের ওজন মিসরের বিখ্যাত গিজা পিরামিডের প্রায় ১২ গুন। সূত্র: ডয়েচে ভেলে
নাইমুর/