হামাসের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৫৬। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হামলা থেকে রক্ষা পায়নি নিজের বাড়িতে অবস্থান করা অন্তঃসত্ত্বা নারীরাও।
মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
সংবাদমাধ্যমটি তাদের সরাসরি সম্প্রচারিত আপডেটে জানায়, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরায়েল গাজা উপত্যকাজুড়ে বিমান হামলা শুরু করেছে। বর্বর এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৫৬ জন নিহত এবং অসংখ্য ফিলিস্তিনি আহত হয়েছেন। এখন পর্যন্ত শুধু গাজার উত্তরাঞ্চলেই প্রাণ হারিয়েছেন ১৫৪ জন।
এদিকে গাজার অবরুদ্ধ এবং অরক্ষিত বেসামরিক নাগরিকদের ওপর ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।
হামাস জানায়, গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার জন্য ইসরায়েল অবরুদ্ধ ও অরক্ষিত বেসামরিক নাগরিকদের ওপর ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’ আক্রমণ চালায়।
এছাড়া আরেক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টানিয়ান ইসলামিক জিহাদও ইসরায়েলের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি ভঙ্গ’ করার অভিযোগ করে।
এই পরিস্থিতিতে ইসরায়েলকে জবাবদিহি করার জন্য হামাস যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে এবং আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) গাজা উপত্যকায় আরোপিত অন্যায্য অবরোধ ভাঙতে ফিলিস্তিনিদের সমর্থন করার আহ্বান জানায়।
একইসঙ্গে আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক করে একটি প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানায় হামাস। সূত্র: আল-জাজিরা
দিনা/অমিয়/