গাজায় আবার যুদ্ধবিরতি শুরু করতে একটি নতুন প্রস্তাব দিয়েছে মিসর।
সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্রগুলো সোমবার (২৪ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, প্রস্তাবটি গত সপ্তাহে দেওয়া হয়।
রয়টার্স জানায়, মিসরের নতুন পরিকল্পনায় বলা হয়, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে এবং প্রথম সপ্তাহের পর ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে।
হামাসের হাতে বর্তমানে ৫৯ জন ইসরায়েলি বন্দি রয়েছে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে ২৪ জন জীবিত আছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে অতর্কিত হামলা চালিয়ে মোট ২৫০ জন ইসরায়েলিকে বন্দি করে নিয়ে যায়। এর মধ্যে বেশিরভাগই পরবর্তী সময়ে মুক্তি পায় বা তাদের মৃতদেহ ফেরত দেওয়া হয়।
নিরাপত্তা সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র ও হামাস উভয়ই এই প্রস্তাবে সম্মতি দিচ্ছে। তবে এখনও ইসরায়েলের কোন প্রতিক্রিয়া জানা যায়নি।
এ বিষয়ে এক হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে, যাতে সমঝোতার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে পৌঁছানো যায়।
সূত্রগুলো আরও জানায়, মিসরের প্রস্তাবে ইসরায়েলের সেনা প্রত্যাহারের একটি নির্দিষ্ট সময়সূচি অন্তর্ভুক্ত করা আছে। তবে এটি যুক্তরাষ্ট্রের নিশ্চয়তার মাধ্যমে বাস্তবায়িত হবে। এর বিনিময়ে হামাস অবশিষ্ট বন্দিদের মুক্তি দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবগুলো পর্যালোচনা করছে।
হামাস ইসরায়েলের বিরুদ্ধে জানুয়ারি মাসের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে। তবে হামাস নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে ইসরায়েল বলছে, তারা গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে, যাতে হামাসের হাতে থাকা বাকি বন্দিদের মুক্তি নিশ্চিত করা যায়।
সোমবার (২৪ মার্চ) হামাস একটি ভিডিও প্রকাশ করে, যেখানে ৩৫ বছর বয়সী এলকানা বোহবট ও ২৪ বছর বয়সী ইউসেফ হাইম-ওহানাকে দেখা গেছে, যারা ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভাল থেকে অপহৃত হন।
গাজার স্থানীয় প্রশাসন জানায়, ইসরায়েলের হামাসবিরোধী অভিযানের পর গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে।
টেল আল-সুলতান জেলায় হাজার হাজার মানুষ আটকা পড়েছে, যেখানে কিছু ইসরায়েলি সামরিক বাহিনী প্রবেশ করেছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া পরিবারগুলোর কাছে পানি, খাদ্য ও ওষুধ কিছুই নেই।
ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানায়, রাফাহ শহরে প্রায় ৫০ হাজার বাসিন্দা অবরুদ্ধ অবস্থায় আছেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনআরডব্লিউএ জানায়, গাজায় সাম্প্রতিক সহিংসতায় নতুন করে ১ লাখ ২৪ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র: রয়টার্স
দিনা