যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ ১০ হাজার পূর্ণকালীন কর্মীকে ছাঁটাই করবে। খবরটি প্রথমে জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বেচ্ছায় ১০ হাজার কর্মীকে চলে যাওয়ার ব্যবস্থা করে দেয় ট্রাম্প প্রশাসন। তাদের ২৫ হাজার ডলার পর্যন্ত ‘সেপারেশন প্যাকেজ’ দেওয়া হয়।
ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, নতুন করে আরও ১০ হাজার ছাঁটাই হলে মোট জনশক্তির ১ চতুর্থাংশ কমে আসবে। এতে কেন্দ্রীয় স্বাস্থ্যকর্মীর সংখ্যা নেমে আসবে ৬২ হাজারে। ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের সংস্থাটি টিকা, বৈজ্ঞানিক গবেষণা, জনস্বাস্থ্য অবকাঠামো, মহামারির প্রস্তুতি, খাদ্য ও তামাকজাত পণ্য এবং সরকারি তহবিলে চলমান স্বাস্থ্যসেবার দেখভাল করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় রবার্ট এফ কেনেডি জুনিয়রকে। অতীতে এনআইএইচ, এফডিএ ও সিডিসির জনশক্তি ঢেলে সাজানোর কথা একাধিকবার বলেছেন রবার্ট এফ কেনেডি। গত বছরও তিনি এনআইএইচের ৬০০ কর্মীকে বরখাস্ত করবেন বলে হুঁশিয়ারি দেন। এনআইএইচ যুক্তরাষ্ট্রের বায়োমেডিক্যাল গবেষণার বৃহত্তম অর্থদাতা।
কেনেডি গত শরতে সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে এফডিএর প্রতিও সতর্কবার্তা জানান। তিনি সে সময় বলেছিলেন, জনস্বাস্থ্যের বিরুদ্ধে যুদ্ধ শেষ হতে চলেছে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ