যুক্তরাষ্ট্রে বেড়েছে হামের প্রাদুর্ভাব। দেশটির অন্তত ৫টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে এই ছোঁয়াচে রোগ। এরই মধ্যে টেক্সাসে আক্রন্তের হার সর্বোচ্চ, প্রায় ৪০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন দুইজন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। ২০২৪ সালে বছরজুড়ে যে সংখ্যক আক্রান্তের তথ্য পাওয়া গেছে, সে তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন তারা। টেক্সাস ছাড়াও নিউ মেক্সিকো, কানসাস, ওহাইয়ো ও ওকলাহোমা অঙ্গরাজ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
মৃত দুই ব্যক্তি হামের টিকা গ্রহণ করেননি বলে জানিয়েছে সংস্থাটি। টেক্সাসে হামে আক্রান্ত হয়ে একটি শিশু এবং নিউ মেক্সিকোতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি মারা গেছেন বলে নিশ্চিত করেছে সিডিসি।
হাম ভাইরাসজনিত একটি সংক্রামক রোগ। মূলত বাতাসের মাধ্যমে এটি ছড়ায়। আক্রান্ত ব্যক্তির নিশ্বাস, হাঁচি-কাশির মাধ্যমে তার সংস্পর্শে আসা ব্যক্তিরা সংক্রমিত হয়ে থাকেন। সূত্র: এপি