ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
গত বুধবার (২৩ এপ্রিল) রাতে কেবিনেট বিভাগ তিন দিনের শোক পালন-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রয়াত পোপের জন্য বিশেষ প্রার্থনারও আয়োজন করা হবে।
পোপ ফ্রান্সিস গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে বিশ্বব্যাপী ক্যাথলিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চলতি বছরের শুরুতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফ্রান্সিস দুবার মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন। গত ২৩ মার্চ হাসপাতাল থেকে ছাড় পাওয়ার আগে তাকে সেখানে ৩৮ দিন থাকতে হয়েছিল।
২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হন জর্জ মারিও বার্গোগলিও। পোপ হিসেবে নির্বাচিত হবার পর নাম পরিবর্তন করে রাখেন ‘ফ্রান্সিস’। আর্জেন্টিনার এই ধর্মযাজক দরিদ্রদের প্রতি সহমর্মিতার জন্য বেশ পরিচিত ছিলেন। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে বলে ভ্যাটিকান সিটির এক ঘোষণায় বলা হয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।