কানাডার নির্বাচনে সোমবার (২৮ এপ্রিল) ভোট দিয়েছেন দেশটির জনসাধারণ। দেশটির এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের শুল্ক ও জীবনযাত্রার উচ্চ খরচ দুটিই বেশ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনের হেভিওয়েট দুই প্রার্থী হলেন লিবারেল পার্টির মার্ক কার্নি এবং কনজারভেটিভ পার্টির পিয়েরে পইলিয়েভ্রে। মার্ক কার্নে গত মাসে জাস্টিন ট্রুডো সরে দাঁড়ানোর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তিনি সে সময় দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্কের মোকাবিলা করার জন্য তিনিই সবচেয়ে ভালো বিকল্প। কারণ অর্থনৈতিক টানাপোড়েনের সময় কেন্দ্রীয় ব্যাংকের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
অন্যদিকে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পইলিয়েভ্রেও ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, ট্রুডো নেতৃত্বাধীন লিবারেলদের অধীনে এক দশক ধরে দুর্বল হয়ে পড়েছে অর্থনীতি। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক বাণিজ্যনীতির সামনে তা আরও নাজুক হয়ে পড়েছে।
সোমবার ভোট শুরু হয় দেশটির নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশ থেকে। ভোটের প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে। কানাডায় টাইম জোন ছয়টি। সে হিসাবে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ভোট শেষ হবে দেশটিতে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনে লিবারেলরা প্রায় ৪৩ শতাংশ ভোট নিয়ে এগিয়ে ছিলেন। অন্যদিকে কনজারভেটিভরা পেয়েছেন ৩৯ শতাংশের কিছুটা বেশি ভোট। এ ছাড়া নিউ ডেমোক্র্যাটিক পার্টি প্রায় ৯ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে ছিল।
নির্বাচনে কানাডার নাগরিকদের ভোটে দেশটির পার্লামেন্টের ৩৪৩ জন সদস্য নির্বাচিত হবেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭২টি আসনের প্রয়োজন পড়বে। কানাডার আনুমানিক ৪ কোটি ১০ লাখ নাগরিকের মধ্যে ভোটার রয়েছেন ২ কোটি ৯০ লাখ। এরই মধ্যে অগ্রিম ভোট প্রক্রিয়ায় ভোট দিয়েছেন ৭৩ লাখ কানাডীয়।
এদিকে ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে কানাডার ভ্যানকুভারে ফিলিপিনো কমিউনিটির উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনাটি প্রভাব ফেলেছে সার্বিক পরিস্থিতিতে। ওই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
অনেক রাজনীতিবিদ এরই মধ্যে ঘটনাটির নিন্দা জানিয়েছেন। শেষ মুহূর্তের প্রচারও অনেকে বাতিল করেছেন। এ ঘটনায় ভ্যানকুভারের ৩০ বছর বয়সী বাসিন্দা কাই-জি অ্যাডাম লো’কে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্র: আল-জাজিরা