পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সার্জিকাল স্ট্রাইকের জবাবে ৭ মে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। এদিন মধ্যরাতে দেশটির বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়ে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন পাকিস্তানের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে দাবি করে, পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল জেট, একটি মিগ-২৯ এবং একটি সুখই-৩০ এমকেআই যুদ্ধবিমান রয়েছে।
এ ছাড়া বৃহস্পতিবার (৮ মে) চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান অন্তত দুটি ভারতীয় সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে রয়টার্সকে জানান দুই মার্কিন কর্মকর্তা।
পরবর্তীতে এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিষয়টি কৌশলে অস্বীকার করেন ভারতের বিমানবাহিনী।
ভারত-পাকিস্তান চলমান সামরিক সংঘাতে ভারতের ঠিক কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে—এ প্রশ্নের জবাবে ভারতীয় বিমানবাহিনীর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, যুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়াটা স্বাভাবিক। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।
তাদের ভাষ্য, ‘ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ’। তবে অপারেশন সিঁদুরে অংশ নেওয়া তাদের সব পাইলট ফিরে এসেছে।
রবিবার ( ১১ মে) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পাক-ভারত যুদ্ধের বিস্তারিত তুলে ধরেন বিমানবাহিনীর কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় বিমানবাহিনীর এয়ার মার্শাল এ কে ভার্তি বলেন, ‘আমরা এখনো যুদ্ধাবস্থায় আছি। আর ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ।’ সাড়ে তিন দিনের যুদ্ধের ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি শুধু এতটুকুই বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এয়ার মার্শাল এ কে ভার্তি বলেন, ‘আপনাদের এবং আমাদেরও উচিত নিজেদের কাছে শুধু একটি প্রশ্ন করা। সেটা হলো, আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছি? মানে, আমরা কি তাদের সন্ত্রাসীর আস্তানাগুলো ধ্বংস করতে পেরেছি?’
ভার্তি বলেন, ‘উত্তর হলো, হ্যাঁ। সীমান্তের ওপারে থাকা সন্ত্রাসীর আস্তানাগুলো আমরা ধ্বংস করতে পেরেছি। আর পুরো বিশ্ব এটা জানে। তারা এটা প্রত্যক্ষ করেছে।’
যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারত কী কী হারিয়েছে এবং কতগুলো সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে—এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। কারণ, আমরা এখনো যুদ্ধাবস্থায় আছি। কিছু বললে তাতে প্রতিপক্ষের লাভ হবে।’
তবে তিনি নিশ্চিত করে বলেন, ‘আমরা যে উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করেছি, সেটাতে আমরা সফল হয়েছি। আমাদের সব পাইলট নিরাপদে ঘরে ফিরেছেন।’ সূত্র: দ্য ওয়্যার এবং সিএনএন
সুলতানা দিনা/