ভারতের চেন্নাইয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় ৩০ যাত্রীকে ‘টপ গান’ নামে জয়রাইড থেকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তারা প্রায় তিন ঘণ্টা মাটি থেকে ৫০ ফুট উঁচুতে আটকে ছিলেন।
ভারতের একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, এক বিনোদন পার্কের যান্ত্রিক গোলোযোগের কারণে আটকে যায় জয়রাইডটি। সে সময় ওই রাইডে থাকা ৩০ যাত্রীর সবাই আটকা পড়েন। তারা আতঙ্কিতও হয়ে পড়েন এ ঘটনায়। যাত্রীদের মধ্যে নারী ও শিশুরাও ছিলেন।
পরে পার্ক কর্তৃপক্ষের খবরে ফায়ার সার্ভিস এসে আটকে পড়াদের উদ্ধার করে। প্রথমে মই ব্যবহার করে যাত্রীদের নিচে নামিয়ে আনার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় পরে স্কাই লিফট ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর বলছে, জয়রাইডটির যতটা উপরে ওঠার কথা ছিল, ততটা উঠেই আটকে যায়। সেটি ছিল সর্বোচ্চ পর্যায়। আনন্দবাজার পত্রিকার খবর বলছে, জয়রাইডটির একটি ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। সূত্র: আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি