ভারতের আহমেদাবাদের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭৪ জন নিহত হয়েছেন।
শনিবার (১৪ জুন) এনডিটিভি জানায় নিহতদের মধ্যে এআই১৭১ ফ্লাইটের যাত্রী ও ক্রু, মেডিকেলের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা রয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়নের কয়েক সেকেন্ড পরেই বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানের এআই১৭১ ফ্লাইটটি একটি মেডিকেল কলেজের ছাত্রবাসে আছড়ে পড়ে। এই বিমানটিতে ২৪২ জন যাত্রী, দুই পাইলট এবং ১০ জন ক্রু ছিলেন। এর মধ্যে কেবল একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বেঁচে গেছেন। নিহতদের মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও রয়েলেন।
সূত্রমতে, নিহতদের মধ্যে ১০ জন চিকিৎসক এবং তাদের আত্মীয়স্বজন রয়েছেন যারা মেঘানীনগর এলাকার বিজে মেডিকেল কলেজের চিকিৎসকদের আবাসিক কোয়ার্টারে থাকতেন। এই ঘটনায় আহত ২৪ জন এমবিবিএস শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন।
সূত্র জানায়, ফ্লাইটের ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনা পর শতাধিক কর্মী এবং ৪০ জন প্রকৌশলী বিমানের ধ্বংসাবশেষ অপসারণে কাজ করছেন।
কর্মকর্তারা জানান, দুপুর দেড়টায় উড্ডয়নের পরপরই বিমানটি উচ্চতা হারিয়ে ফেলে। আহমেদাবাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল জানায়, উড্ডয়নের পরপরই পাইলট ‘মেডে’ সংকেত দিয়েছিলেন, যা সম্পূর্ণ জরুরি অবস্থা নির্দেশ করে।
বিমান বিশেষজ্ঞরা জানিয়েছেন, দৃশ্যমান চিত্র দেখে মনে হচ্ছে, উভয় ইঞ্জিন বিকল অথবা পাখির ধাক্কায় এই দুর্ঘটনা হতে পারে। ব্ল্যাক বক্স থেকে দুর্ঘটনার মূল কারন জানা যাবে।
গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিস্থিতি পর্যালোচনা করতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালে একমাত্র জীবিত ব্যক্তি এবং আহতদের সঙ্গেও দেখা করেন। সূত্র: এনডিটিভি
অমিয়/