দুবাইয়ে আকাশচুম্বী ‘মারিনা পিনাকল’ নামের একটি ৬৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (১৩ জুন) রাতে দুবাইয়ের মারিনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট টানা ৬ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ভবনটির ৭৬৪টি অ্যাপার্টমেন্টের ৩ হাজার ৮২০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভবনের নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে দুবাই সরকারের মিডিয়া অফিস (ডিএমও)।
শনিবার( ১৪ জুন) রাত ১টা ৪৪ মিনিটে এক্স-এ দেওয়া একটি পোস্টে ডিএমও জানায়, বিশেষায়িত দলগুলো ৬৭ তলা ভবনের সব বাসিন্দাকে সফলভাবে সরিয়ে নিয়েছে এবং পুরো সময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
রাত ২টা ৯ মিনিটে আরেকটি পোস্টে ডিএমও জানায়, অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল ঘটনাস্থলে রয়েছেন এবং নিরাপদে সরিয়ে নেওয়া বাসিন্দাদের শারীরিক ও মানসিক সহায়তা দিচ্ছেন।
এর আগেও মারিনা পিনাকল ভবনে আগুন লেগেছিল। খালিজ টাইমস-এর তথ্য অনুযায়ী, ২০১৫ সালের মে মাসে ভবনের ৪৭ তম তলায় একটি রান্নাঘরে আগুনের সূত্রপাত, পরে ৪৮ তম তলায় ছড়িয়ে পড়ে। তবে সেবারও দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনে দুবাই সিভিল ডিফেন্স।
সুলতানা দিনা/