দক্ষিণ গাজায় সাহায্যের অপেক্ষায় থাকা ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় আহত হয়েছেন আরও কয়েক ডজন।
মঙ্গলবার (১৭ জুন) খান ইউনিসের আল-তাহলিয়া গোলচত্বরে সাহায্যের জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তারা নিহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি, নিবিড় পরিচর্যা এবং অস্ত্রোপচার কক্ষগুলোতে হতাহত বিপুল সংখ্যক মানুষকে নিয়ে আসা হয়েছে।
সর্বশেষ হত্যাকাণ্ডটি ঘটেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত বিতর্কিত সাহায্য কেন্দ্রগুলোতে। এগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্তৃক পরিচালিত। এখানে ইসরায়েলি সামরিক বাহিনীর কঠোরভাবে নিয়ন্ত্রণ করে।
সমালোচকরা এগুলোকে ‘মানব কসাইখানা’ বলে নিন্দা করছেন।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক গতকাল সোমবার বলেছেন, ইসরায়েলের ‘যুদ্ধের উপায় এবং পদ্ধতি গাজার ফিলিস্তিনিদের উপর ভয়াবহ, অযৌক্তিক দুর্ভোগ ডেকে আনছে।’
২০ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৫ হাজার৩৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কয়েক হাজার শিশু, নারী এবং বয়স্ক ব্যক্তি। - আল-জাজিরা
অমিয়/