ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নির্বাচনি প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে ছয় গোয়েন্দা কর্মকর্তাকে সাজা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) মার্কিন সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্বরত ওই কর্মকর্তারা ১০ থেকে ৪২ দিনের জন্য সাময়িক বরখাস্ত থাকবেন। এই খবর জানায় মার্কিন বার্তাসংস্থা সিএনএন।
কিন্তু সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে সাজাপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় বা বরখাস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
গত বছর ১৩ জুলাই পেনসিলভিনিয়ার বাটলার শহরে হামলা শিকার হন ট্রাম্প। সেখানে আয়োজিত জনসভায় ভাষণ দিতে মঞ্চে উঠলে নিকটবর্তী এক ভবনের ছাদ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
এ সময় হামলাকারীর গুলিতে ট্রাম্প ও তার আশেপাশের কয়েকজন আহত এবং এক সমর্থক নিহত হন। যদিও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়। ওই ঘটনার পর সিক্রেট সার্ভিসে একাধিক তদন্ত শুরু হয় এবং সংস্থাটির পরিচালক পদত্যাগ করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, স্থানীয় পুলিশকে তাদের যোগাযোগব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে ভুল করেছিল সিক্রেট সার্ভিস। আর ওই ভবনের ছাদে কাউকে পাহারায় না রাখা ছিল আরেকটি ভুল। তো, একাধিক ভুল হয়েছে, যা হওয়া উচিত ছিল না।
ওই জনসভা চলাকালীন ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা শন কুরান জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য বহু পদক্ষেপ নিয়েছে সিক্রেট সার্ভিস। কংগ্রেশনাল ওভারসাইট বডির তরফ থেকে পেশকৃত ৪৬টির মধ্যে ২১টি পরামর্শই ইতোমধ্যে প্রয়োগ করা হয়েছে। আরও ১৬টি প্রক্রিয়াধীন আছে এবং বাকি নয়টি তাদের জন্য নয়।
সংস্থাটি আরও জানায়, গলফ কোর্সেও নিরাপত্তা জোরদারে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে, প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকা অবস্থায় ট্রাম্প ফ্লোরিডায় নিজ মালিকানাধীন গলফ কোর্সে অবকাশযাপনে গেলে সেখান থেকে তাকে হত্যার উদ্দেশ্যে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে বন্দুকসহ আটক করা হয়।
সুলতানা দিনা/