ইউক্রেনের গোয়েন্দা বাহিনী এসবিইউয়ের অ্যাজেন্টরা রবিবার (১৩ জুলাই) রাশিয়ার কয়েকজন গোয়েন্দা সদস্যকে হত্যা করার কথা জানিয়েছে। তারা আরও জানায়, নিহতরা সবাই রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবির গোপন অ্যাজেন্ট।
ইউক্রেনের এসবিইউ বলছে, রুশ ওই গোয়েন্দারা প্রথমে ইউক্রেনের এক কর্নেলকে হত্যা করেছিল। এর জেরে তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করে ইউক্রেনের গোয়েন্দা বাহিনী। অভিযান চলাকালে রুশ গোয়েন্দারা প্রতিরোধ গড়ে তোলায় ইউক্রেনের বাহিনীর হাতে প্রাণ হারায়।
ইউক্রেনের গোয়েন্দা বাহিনী এসবিইউ এ-সংক্রান্ত বিবৃতিটি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রকাশ করেছে। ঠিক কীভাবে রুশ গোয়েন্দারা প্রথমে ইউক্রেনের ওই কর্নেলকে হত্যা করেছিল, সে বিষয়টিও তুলে ধরা হয়েছে ওই বিবৃতিতে।
এসবিইউ জানিয়েছে, কিয়েভে গত বৃহস্পতিবার কর্নেল ইভান ভরোনিচকে হত্যার ঘটনাটি ঘটে। এক নারী ও এক পুরুষ এর নেপথ্যে ছিল বলে সন্দেহ করছে তারা। ওই হত্যাকারীদের প্রথমে নির্দেশ দেওয়া হয়েছিল কর্নেলের গতিবিধির ওপর নজর রাখতে। নজর রাখার এক পর্যায়ে তারা কর্নেলের গোপন অবস্থানের খোঁজ পেয়ে যান এবং তাকে সেখানে হত্যা করেন। হত্যাকাণ্ডের স্থলে একটি পিস্তল ও সাপ্রেসর পাওয়া গেছে।
গত বৃহস্পতিবারের ওই হত্যাকাণ্ডের পর রুশ গোয়েন্দারা লুকানোর চেষ্টা করেছিলেন বলেও উল্লেখ করেছেন এসবিইউয়ের গোয়েন্দারা। পরে তাদের খুঁজে বের করে ইউক্রেনের পুলিশ ও এসবিইউ।
রাশিয়ার কর্তৃপক্ষ এখনো এ নিয়ে কোনো মন্তব্য জানায়নি। ইউক্রেনের হাতে রাশিয়ার সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রাণ হারানোর ঘটনা এটি প্রথম নয়। বিষয়টি মস্কোর জন্য বেশ বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, রবিবার (১৩জুলাই) রুশ গোয়েন্দা সংস্থার ঠিক কতজন অ্যাজেন্টকে ইউক্রেনের গোয়েন্দারা হত্যা করেছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি।
ইউক্রেনের এসবিইউ মূলত সুরক্ষা ও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ২০২২ সালে রুশ আগ্রাসনের পর থেকে মস্কোর বিরুদ্ধে বেশ কয়েকটি বিশেষ অভিযান পরিচালনা করেছে তারা। আচমকা হামলা ও গুপ্তহত্যার মতো অভিযানও রয়েছে সেগুলোর মধ্যে।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ সাম্প্রতিক সময়ে বেশ উত্তপ্ত অবস্থায় রয়েছে। হামলার মাত্রা আগের তুলনায় অনেক বেড়েছে। বিশেষ করে গোটা ইউক্রেনজুড়েই হামলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তা এখনো পর্যন্ত সফল হয়নি। সূত্র: রয়টার্স