রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত সুনামির সৃষ্টি হয়েছে।
কর্মকর্তারা জানান, বুধবার (৩০ জুলাই) ভোরে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাপানের পূর্ব উপকূলের বেশিরভাগ অংশে এবং ওই অঞ্চলে নিরাপদ আশ্রয়ের সতর্কতা জারি করা হয়েছে।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, আজকের ভূমিকম্পটি ছিল গুরুতর এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এতে একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কামচাটকার কিছু অংশে ৩-৪ মিটার (১০-১৩ ফুট) উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে।
জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভ বলেন, উপদ্বীপের উপকূলরেখা থেকে মানুষকে দূরে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি উৎপত্তি ১৯ দশমিক ৩ কিমি (১২ মাইল) গভীরে। এর কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূল বরাবর এক লাখ ৬৫ হাজার জনসংখ্যার শহর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১২৬ কিমি (৮০ মাইল) পূর্ব-দক্ষিণ-পূর্বে।
তারা প্রথমে তারা ভূমিকম্পের মাত্রা ৮.০ জানালেও পরে তা সংশোধন করে।
জাপান আবহাওয়া সংস্থা তাদের সতর্ক বার্তায় জানায়, ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামির ঢেউ উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।
মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র রাশিয়া, জাপান, আলাস্কা এবং হাওয়াইয়ের কিছু উপকূলে আগামী তিন ঘন্টার মধ্যে "বিপজ্জনক সুনামি ঢেউ" সম্পর্কে সতর্কতা জারি করেছে।
মার্কিন দ্বীপপুঞ্জ গুয়াম এবং মাইক্রোনেশিয়ার অন্যান্য দ্বীপপুঞ্জের জন্যও সুনামি সতর্কীকরণ কার্যকর ছিল।
হাওয়াই কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
সাখালিনের গভর্নর ভ্যালেরি লিমারেনকো টেলিগ্রামে বলেছেন, সুনামির হুমকির কারণে কামচাটকা উপদ্বীপের দক্ষিণে অবস্থিত ছোট শহর সেভেরো-কুরিলস্কের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়ার আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী ওলেগ মেলনিকভ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস-কে জানান, ভূমিকম্পের পর বেশ কয়েকজন চিকিৎসা সহায়তা চেয়েছিলেন। দুর্ভাগ্যবশত, ভূমিকম্পের সময় কিছু লোক আহত হয়েছেন। বাইরে দৌড়ানোর সময় কেউ কেউ আহত হয়েছেন এবং একজন রোগী জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন। নতুন বিমানবন্দর টার্মিনালের ভিতরে একজন নারীও আহত হয়েছেন। সবাই বর্তমানে ভালো আছেন। এখন পর্যন্ত গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের জিওফিজিক্যাল সার্ভিসের কামচাটকা শাখা জানায়, এটি একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প ছিল। তবে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কিছু বৈশিষ্ট্যের কারণে, কম্পনের তীব্রতা ততটা বেশি ছিল না... যতটা এত তীব্রতা থেকে আশঙ্কা করা হয়েছিল। বর্তমানে ভূমিকম্পের পরবর্তী কম্পন চলছে... এসবের তীব্রতা মোটামুটি বেশি থাকবে। তবে, অদূর ভবিষ্যতে আরও শক্তিশালী কম্পনের সম্ভাবনা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কামচাটকা এবং রাশিয়ার সুদূর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত, একটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চল যা বড় ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকিতে থাকে।