ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে আলোচনা ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের বিষয়গুলো নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যে শুক্রবার (৮ আগস্ট) ফোনালাপ হয়েছে। বেলারুশের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বেল্টায় উঠে এসেছে সে খবর।
পুতিন লুকাশেঙ্কোর সঙ্গে হওয়া আলাপে জানান, যে তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছেন। বৈঠকের ভেন্যু এখনো ঠিক হয়নি।
সেটি নির্ধারণের কাজ চলছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা তাস-এর আগে জানায়, পুতিন কাজাখস্তান ও উজবেকিস্তানের নেতাদের সঙ্গেও ফোনে কথা বলেছেন। তাদেরও উইটকফের সঙ্গে আলোচনা ও ইউক্রেন যুদ্ধ সম্পর্কে অবহিত করা হয়েছে।
ক্রেমলিনের দেওয়া তথ্যানুসারে, আগামী সপ্তাহেই দ্বিপক্ষীয় সম্মেলনে দেখা হতে পারে ট্রাম্প ও পুতিনের। এদিকে পুতিন জানিয়ে রেখেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে প্রস্তুত নন।
রাশিয়ার প্রেসিডেন্টের মতে, জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের আগে কিছু পূর্ব শর্ত পূরণ হতে হবে। এখনো সে রকম পরিবেশ তৈরি হয়নি। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান