ভিয়েতনামে তৈরি হচ্ছে ট্রাম্প পরিবারের বিলাসবহুল গলফ ক্লাব। যেটি তৈরি করতে খরচ পড়বে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার।
তবে এই গলফ ক্লাব নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে ভিয়েতনামের কৃষকদের চাষের জমি থেকে গলফ ক্লাবের জন্য জায়গা তৈরি করা হচ্ছে। তাছাড়া, মাত্র ৩,২০০ ডলার ক্ষতিপূরণের বিনিময়ে তাদের জমি থেকে জোর করে সরিয়ে দেওয়া হচ্ছে । তবে, এই ক্ষতিপূরণের বিষয়টি ট্রাম্প অর্গানাইজেশনের হাতে নেই। এই দায়িত্বে নিয়োজিত আছে ভিয়েতনামের রিয়েল এস্টেট সংস্থা ‘কিনব্যাক সিটি'।
বলে রাখা ভালো, এই জমিগুলোর আসল মালিকানা ভিয়েতনাম সরকারের হাতেই রয়েছে। তবে কৃষকদের দীর্ঘকালীন চুক্তিতে সেখানে চাষের সুযোগ দেওয়া হয়েছে।
রয়টার্স জানায়, ভিয়েতনাম যখন ডোনাল্ড ট্রাম্পকে ভিয়েতনামের পণ্যের উপর কঠোর শুল্ক আরোপ থেকে বিরত রাখতে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছিল , তখন দেশটি রাজধানী হ্যানয়ের কাছে হাং ইয়েন প্রদেশে ২,৪৫০ একর জমিতে ট্রাম্প-ব্র্যান্ডেড গল্ফ কোর্স নির্মাণের জন্য দ্রুত অনুমোদন দেয়।
রয়টার্সের মতে, ডেভেলপাররা কিনবাহ সিটি নামে একটি ভিয়েতনামী রিয়েল এস্টেট কোম্পানি হাজার হাজার গ্রামবাসীকে জমি ছেড়ে যাওয়ার জন্য ৫০ কোটি ডলারেরও বেশি অর্থ প্রদানের একটি পরিকল্পনা করে। আর এই জমির ওপর অনেকেই কয়েক দশক ধরে তাদের জীবিকা নির্বাহের জন্য নির্ভরশীল।
এই সূত্রগুলো সংবাদমাধ্যমকে জানায়, এখন ক্ষতিপূরণ হিসেবে কৃষকদের যে ৩,২০০ ডলার দেওয়া হচ্ছে তা ভিয়েতনামের গড় বার্ষিক বেতনের চেয়েও কম। তাছাড়া, এখানকার কৃষকরা বলছেন, সারা জীবন কলা, পীচ, লংগান এবং অন্যান্য ফসল চাষ করার পর তারা এখন উদ্বিগ্ন যে, তারা নতুন চাকরি খুঁজে পাবেন না।
কৃষকদের দাবি, তাদের এই গলফ ক্লাবের কারণে তাদের ভবিষ্যৎ ঘোরতর অন্ধকারে তলিয়ে যাবে।
ভিয়েতনামের হাং ইয়েন প্রদেশে ট্রাম্পের এই গলফ ক্লাবে কেবল ৫৪ হোলের গলফ কোর্সই নয়, থাকছে বিলাসবহুল ভিলা, রিসোর্ট ও পুরোদস্তুর আর্বান কমপ্লেক্স। অথচ ক্ষতিপূরণ হিসেবে প্রতি বর্গ মিটারে মাত্র ১২ ডলারও অফার করা হয়েছে কোন কোন কৃষককে। রয়টার্সের দাবি, কৃষকদের কোনও রকম দর কষাকষির সুযোগ দেওয়া হচ্ছে না।
এদিকে, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন গত মে মাসেই প্রকল্পের ভিত্তপ্রস্তর স্থাপনের সময় দাবি করেছিলেন, মিলবে ন্যায্য ক্ষতিপূরণ। কিন্তু বাস্তবতা একেবারেই অন্যরকম বলে দাবি কৃষকদের।
অন্যদিকে, ভিয়েতনাম সরকার স্বপ্ন দেখছে, এই গলফ ক্লাব দেশটির পর্যটন শিল্পে নতুন দিগন্ত খুলে দেবে।
সুলতানা দিনা/