গুগলের মালিকানাধীন ইউটিউব ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অফিসিয়াল চ্যানেলটি পুরোপুরি মুছে দিয়েছে। মাদুরোর এ চ্যানেলে গ্রাহক সংখ্যা ছিল ২ লাখ ৩৩ হাজারের বেশি।
ইউটিউব এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না দিলেও, বিভিন্ন সূত্রে ধারণা করা হচ্ছে যে, এটি ভুল তথ্য ছড়ানোর অভিযোগে বা স্বয়ংক্রিয় কন্টেন্ট সংক্রান্ত প্ল্যাটফর্মের নীতি লঙ্ঘনের কারণে হতে পারে।
এই চ্যানেল বন্ধ হওয়ার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র তাদের তথাকথিত মাদকবিরোধী অভিযানের জন্য ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মাদুরো এই পদক্ষেপকে তার দেশের সরকার জোরপূর্বক পরিবর্তনের প্রচেষ্টা বলে নিন্দা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, মাদক বহনকারী সন্দেহে তিনটি ভেনেজুয়েলান বোট মার্কিন বাহিনীর হামলায় ডুবে গেছে।
যুক্তরাষ্ট্র মাদুরোর গ্রেপ্তারের জন্য ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে। তারা তাকে ‘কার্টেল দে লস সোলেস’ নামক মাদক পাচারকারী সংস্থার প্রধান হিসেবে অভিযুক্ত করেছে।
এই পদক্ষেপ বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিছু সমালোচক একে সরকারি প্রচারণার ওপর একটি আঘাত হিসেবে দেখছেন, আর মাদুরোর সমর্থকরা এটিকে সেন্সরশিপের কাজ বলে মনে করছেন।
মাহফুজ/