মায়ানমারের সাগাইং অঞ্চলের চাউং-ইউ টাউনশিপে বৌদ্ধদের একটি উৎসবে সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।
মায়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার (৬ অক্টোবর) রাতে এ হামলা চালানো হয়।
বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন, আলোর উৎসব বা থাদিংগ্যুত পূর্ণিমা উৎসব এবং জান্তাবিরোধী বিক্ষোভে সামরিক বাহিনী দুটি বোমা নিক্ষেপ করে। এতে ৩২ জন নিহত হন। আহত হন ৫০ জনের বেশি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, আমার জানামতে ৩২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন অহিংস আন্দোলন এবং এলাকা রক্ষাকারী প্রতিরোধ যোদ্ধা। বাকিরা বেসামরিক নাগরিক। এ ঘটনায় ৫০ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, বোমা হামলায় নিহতদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। কয়েক মিনিট পর প্যারাগ্লাইডাররা ফিরে আসে এবং একই জায়গায় আরও দুটি বোমা ফেলে।
যেহেতু দিনটি ছুটির দিন ছিল, তাই অনেক তরুণ-তরুণী মিছিলে যোগ দিতে এসেছিল বলে জানান তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বোমা হামলায় মনিওয়া-অ্যামিন্ট ল্যান অহিংস কমিটির চার তরুণ সদস্যও নিহত হয়েছেন।
এ হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি জান্তা সরকার।
উল্লেখ্য, মায়ানমারে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে জাতিসংঘের এক বিশেষজ্ঞ এই নির্বাচনকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন। এই নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন দেশটির বিদ্রোহীরা। সূত্র: ইরাবতী
এসজি/