ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘরে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ডাকাতি। রবিবার (১৯ অক্টোবর) সকালে জানালা ভেঙে ঢুকে জাদুঘরের ভেতর থেকে ‘অমূল্য’ গয়না চুরি করে মোটরবাইকে চেপে পালিয়ে গেছে একদল চোর।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সকাল প্রায় ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) জাদুঘর খোলার কিছুক্ষণ পরই ডাকাতরা গ্যালারি দ’অ্যাপোলন অংশে প্রবেশ করে। এখানেই ফরাসি রাজপরিবারের ঐতিহাসিক রাজমুকুট ও রত্নভাণ্ডার প্রদর্শিত হয়।
তদন্ত সংক্রান্ত প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে, ঠিক কোন কোন গয়না চুরি হয়েছে তা এখনো নির্ধারণ করা যায়নি। “চুরি হওয়া সামগ্রীর আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব নয়— কারণ এগুলোর ঐতিহাসিক ও ঐতিহ্যগত গুরুত্ব অপরিমেয়।
সৌভাগ্যবশত কোনো আহতের খবর পাওয়া যায়নি। দর্শনার্থী, জাদুঘরের কর্মী বা নিরাপত্তা কর্মকর্তাদের কেউই আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘর ল্যুভর— যেখানে সংরক্ষিত রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসা।
ঘটনার পরদিন জাদুঘর কর্তৃপক্ষ এক্স (X)-এ এক বিবৃতিতে জানায়, বিশেষ কারণে আজকের দিনটি ল্যুভর বন্ধ থাকবে।
চলতি বছরের শুরুতে জাদুঘরের অবকাঠামো সংস্কার ও নিরাপত্তা জোরদারে ফরাসি সরকারের সহায়তা চেয়েছিল ল্যুভর কর্তৃপক্ষ।
গত বছর এই জাদুঘর পরিদর্শন করেছিলেন প্রায় ৮ দশমিক ৭ মিলিয়ন দর্শনার্থী— যা একে বিশ্বের সর্বাধিক দর্শনীয় জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছে। সূত্র: রয়টার্স
মেহেদী/