ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক (পশ্চিমতীর) অধিগ্রহণ করলে দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চলতি বছরের ১৫ অক্টোবর টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে পশ্চিমতীর নিয়ে প্রশ্ন করলে তিনি এমন হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাক্ষাৎকারটি প্রচার করেছে টাইম ম্যাগাজিন। সেখানে দেখা গেছে প্রশ্নকর্তা ট্রাম্পকে জিজ্ঞেস করছেন, ইসরায়েলি সরকারের উগ্রপন্থিরা পুরো পশ্চিমতীর অধিগ্রহণের জন্য চাপ দিচ্ছেন।
জবাবে ট্রাম্প বলেন, “এটি হবে না। এটি হবে না। এটি হবে না কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি। আমাদের প্রতি আরবদের অনেক সমর্থন রয়েছে। ইসরায়েল পশ্চিমতীর অধিগ্রহণ করতে পারবে না কারণ আমি আরবদের কথা দিয়েছি। যদি ইসরায়েল এমন কিছু করে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তারা।”
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্ত দিলে সৌদি আরবের সঙ্গে ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বাজায়েল স্মোরিচ বলেন, “যদি সৌদি আরব আমাদের বলে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে তারা আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। আমি বলব, বন্ধুরা— না ধন্যবাদ। সৌদি আরবের মরুভূমিতে উটে চড়া অব্যাহত রাখুন।”
সৌদি আরবের নেতাদের নিয়ে স্মোরিচের এমন মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
তিনি এমন সময় এসব কথা বললেন যখন আগামী মাসে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে সফরে যাবেন বলে জানা গেছে।
সুলতানা দিনা/