নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি বিরতিসহ টানা ২৬ ঘণ্টা ও ২০ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট MU745 স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেলে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে পৌঁছেছে। এর মধ্য দিয়ে চীনের সাংহাই থেকে বুয়েনস আয়ার্স পর্যন্ত বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক আকাশপথ আনুষ্ঠানিকভাবে চালু হলো।
নতুন এই রুট পৃথিবীর দুই বিপরীত প্রান্ত—অ্যান্টিপোড—সংযুক্ত করা প্রথম বাণিজ্যিক ফ্লাইট পথ হিসেবেও চিহ্নিত হলো। ইউরোপ বা উত্তর আমেরিকা হয়ে আগের রুটে যেতে যে সময় লাগত, নতুন দক্ষিণমুখী পথটি তা থেকে প্রায় পাঁচ ঘণ্টা ভ্রমণসময় কমিয়েছে।
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এ রুটে বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমান ব্যবহার করছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত ২টায় (বেইজিং সময়) সাংহাই পুডং বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বুয়েন্স আয়ার্সে স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে পৌঁছাবে। ফেরার ফ্লাইট MU746 প্রতি মঙ্গলবার ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় বুয়েনস আয়ার্স থেকে রওনা হয়ে পরদিন বিকেল ৬টায় সাংহাই পৌঁছাবে।
দূরত্ব অত্যন্ত বেশি হওয়ায় অকল্যান্ডে প্রযুক্তিগতভাবে দুই ঘণ্টার বিরতি প্রয়োজন হলেও যাত্রীদের বিমান বদলাতে বা নামতে হয় না। উদ্বোধনী ফ্লাইটে ৯৬ শতাংশ আসন পূর্ণ ছিল বলে জানিয়েছে সংস্থাটি।
চায়না ইস্টার্ন জানায়, নতুন রুটের মাধ্যমে শুধু যাত্রী পরিবহন নয়, তাজা পণ্য পরিবহণের নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে।
এ ছাড়া চায়না ইস্টার্ন এয়ারলাইন্স অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস-এর সঙ্গে একটি সহযোগিতা চুক্তি করেছে। এই সমঝোতার মাধ্যমে দুই সংস্থা বিশ্বজুড়ে ৫০টিরও বেশি রুট সমন্বিতভাবে পরিচালনার পরিকল্পনা করছে।
সংস্থাটির মার্কেটিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার গং পিচাই বলেন, “আমরা শুধু ফ্লাইট পরিচালনায় নয়—ব্যবসা, পর্যটন, সংস্কৃতি, ক্রীড়া ও প্রদর্শনীসহ আরও নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করতে চাই।”
মাহফুজ/