সুইজারল্যান্ডের অভিজাত ‘স্কি রিসোর্ট ক্রঁস-মোন্তানায়’ ইংরেজি নববর্ষের পার্টির সময় একটি বারে বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগের অবস্থাই গুরুতর বলে আজ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের এই রিসোর্টে ‘লে কঁস্তেলাসিওঁ’ নামের একটি বারে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে আগুন লাগে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়, তবে কর্তৃপক্ষ বলছে—এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।
দেশটির প্রসিকিউটর বিয়াত্রিস পিলু এক সংবাদ সম্মেলনে বলেন, “এই মুহূর্তে আমরা ঘটনাটিকে অগ্নিকাণ্ড হিসেবেই দেখছি, হামলার কোনো সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে না।” তিনি জানান, পুরো ঘটনা তদন্তে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
ভুক্তভোগীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন বলে জানান ভ্যালাই ক্যান্টনের নিরাপত্তা প্রধান স্তেফান গঁজে। ক্যান্টনের পুলিশপ্রধান ফ্রেদেরিক জিসলার বলেন, স্বজনদের জন্য একটি হেল্পলাইন খোলা হয়েছে।
জিসলার বলেন, “ক্রঁস-মোন্তানায় রাতভর যা ঘটেছে, তাতে আমরা সবাই গভীরভাবে মর্মাহত।” তিনি আরও বলেন, “আমাদের হিসাব অনুযায়ী প্রায় ১০০ জন আহত হয়েছেন যাদের বেশিরভাগের অবস্থাই গুরুতর এবং দুঃখজনকভাবে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।”
তিনি জানান, আহতদের সিওঁ, লোজান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুইস পুলিশের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৪০ জন। তবে জিসলার নির্দিষ্ট কোনো সংখ্যা নিশ্চিত করতে অস্বীকৃতি জানান।
এর আগে পুলিশ জানিয়েছিল, অনেকেই দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। ক্রঁস-মোন্তানার আকাশে নো-ফ্লাই জোন জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে ১০টি হেলিকপ্টার ও ৪০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
সুইস ফেডারেল প্রেসিডেন্ট গি পারমেলাঁ এক্সে এক বার্তায় শোক প্রকাশ করে বলেন, “ক্রঁস-মোন্তানায় বছরের প্রথম দিনে যে আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল, তা পরিণত হয়েছে শোকে—যার অভিঘাত সারা দেশ ও তার বাইরেও ছড়িয়ে পড়েছে।”
প্রসিকিউটর পিলু বলেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কর্তৃপক্ষ কাজ করছে। তিনি বলেন, “ভুক্তভোগীদের শনাক্ত করতে ফরেনসিক কার্যক্রমে বিপুল সম্পদ নিয়োজিত করা হয়েছে। এর লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দেওয়া।”
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, আগুনের কারণ হতে পারে আতশবাজি। তিনি ইতালির স্কাই টিজি২৪ টিভি চ্যানেলকে বলেন, “এটি সম্ভবত একটি দুর্ঘটনা যা হতে পারে আগুন বা কোনো বিস্ফোরণের কারণে। নববর্ষ উদযাপনের সময় ছোড়া কোনো পটকা থেকেও এমনটি হতে পারে।” সূত্র: রয়টার্স
মাহফুজ/