যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের এক কর্মকর্তার (আইসিই এজেন্ট) গুলিতে মিনিয়াপোলিসে ৩৭ বছর বয়সী এক মার্কিন নারী নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং মিনিয়াপোলিসের বাইরেও বিক্ষোভের পরিকল্পনা চলছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, রেনি নিকোল গুড নামের ওই নারী একজন 'সহিংস দাঙ্গাবাজ' ছিলেন। তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট – আইসিই'র এজেন্টদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় এক এজেন্ট তার গাড়ির দিকে 'আত্মরক্ষামূলক গুলি' ছোড়েন।
তবে ওই শহর ও অঙ্গরাজ্যের নেতাসহ জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাটরা এই ঘটনায় ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন।
মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, "এটি ছিল একজন এজেন্টের বেপরোয়া ক্ষমতার ব্যবহার, যার ফলে একজন মানুষের মৃত্যু হয়েছে"। তিনি আইসিই এজেন্টদের উদ্দেশে বলেন, "আমাদের শহর ছেড়ে চলে যাও"।
বিভিন্ন দিক থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটের দিকে মিনিয়াপোলিসের একটি আবাসিক সড়কে একটি গাঢ় লাল রঙের এসইউভি রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। এসময় ফুটপাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা একদল মানুষকে দেখা যায়, যাদের বিক্ষোভকারীদের মতো মনে হচ্ছিল।
আশেপাশে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি অবস্থান করছিল। অভিবাসন বিভাগ ইমিগ্রেসন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট - আইসিই'র কর্মকর্তারা রাস্তার মাঝখানে পার্ক করা গাড়িটির কাছে এসে ট্রাক থেকে নামেন এবং গাড়ির ভেতরে থাকা নারীকে এসইউভি থেকে নামতে নির্দেশ দেন। এসময় এক এজেন্টকে চালকের পাশের দরজার হাতল টানতে দেখা যায়।
আরেক এজেন্ট গাড়ির সামনের দিকে অবস্থান নেন। ঠিক সেই সময় গাঢ় লাল রঙের এসইউভিটি চলে যাওয়ার চেষ্টা করলে ওই এজেন্ট গুলি চালান। তিনটি গুলির শব্দ শোনা যায় এবং এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তায় পার্ক করা একটি সাদা গাড়ির সঙ্গে ধাক্কা খায়।
জানা গেছে, গুড গাড়ি চালিয়ে সরে যাওয়ার চেষ্টা করলে, গাড়ির সামনের দিকে থাকা এক এজেন্ট নিজের অস্ত্র বের করে টানা তিনটি গুলি ছোড়েন।
সুলতানা দিনা/