ইরানের ওপর চালানো যেতে পারে এমন বেশ কয়েকটি সামরিক ও গোয়েন্দা পদক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা।
সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপের ক্ষেত্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এখনো একটি বিকল্প হিসেবে রয়েছে। তবে পেন্টাগন কর্মকর্তারা সাইবার অভিযান এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্য প্রচারণার বিষয়েও প্রস্তাব দিয়েছেন।
গতকাল সোমবার ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এরই মধ্যে মানবাধিকার সংস্থাগুলো বলছে, গত তিন সপ্তাহে সরকারবিরোধী বিক্ষোভে ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে তারা ‘যুদ্ধের জন্য প্রস্তুত’ অবস্থায়ও রয়েছে।
সূত্রগুলো বলছে, মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল ইরান নিয়ে বিকল্পগুলো আলোচনা করতে বৈঠক করবে। তবে প্রেসিডেন্ট নিজে বৈঠকে উপস্থিত থাকবেন কি না, তা স্পষ্ট নয়।
এর আগে ট্রাম্প বলেছিলেন, আরও বিক্ষোভকারী নিহত হলে তার সেনাবাহিনী ‘খুব শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছে।
ট্রাম্প দাবি করেছেন, ইরানের নেতারা তাকে ‘আলোচনার জন্য ফোন করেছেন’, তবে তিনি যোগ করেছেন যে যুক্তরাষ্ট্রকে ‘বৈঠকের আগেই পদক্ষেপ নিতে হতে পারে’।
গতকাল সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানের এক কর্মকর্তা ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও যোগাযোগ করেছেন।
তিনি যোগ করেন, তেহরানের প্রকাশ্য অবস্থান ‘প্রশাসন যে বার্তা গোপনে পাচ্ছে তার থেকে বেশ আলাদা’।
তবে তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ‘প্রয়োজন মনে করলে সামরিক বিকল্প ব্যবহার করতে ভয় পান না’।
দুই সূত্র, যারা জাতীয় নিরাপত্তা বিষয়ক আলোচনায় সিবিএসের সঙ্গে কথা বলার জন্য নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন, তারা বলেছেন যে ইরানে যেকোনো মার্কিন সামরিক পদক্ষেপের ক্ষেত্রে সম্ভবত বিমান শক্তি ব্যবহার করা হবে। তবে পরিকল্পনাকারীরা ইরানের নেতৃত্বের কাঠামো ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করার বিকল্পগুলোও বিবেচনা করছেন।
ইরানি মুদ্রার পতন এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ এখন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য বৈধতার সংকটে পরিণত হয়েছে।- বিবিসি
অমিয়/