ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সামরিক হামলাকে ‘অবৈধ এবং অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি। এক বিবৃতিতে তিনি এই হামলার তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, এই হামলার জন্য মার্কিন কংগ্রেসের কোনো অনুমতি নেওয়া হয়নি, যা সমস্ত আমেরিকানদের জন্য বিপদ ডেকে আনতে পারে। ট্রাম্পের এই অবৈধ পদক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, যেখানে মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকরা চরম বিপদে পড়তে পারেন।
মার্কি অভিযোগ করেন যে, ট্রাম্প ক্রমাগত ইরানের পারমাণবিক হুমকির বিষয়টিকে বাড়িয়ে বলছেন। এমনকি ট্রাম্প নিজেই যখন দাবি করেছিলেন যে তার পূর্ববর্তী ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে, তারপরেও তিনি একই অজুহাত দিচ্ছেন।
তিনি উল্লেখ করেন যে, খোদ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না। তাই হামলার আগে কূটনীতির যথেষ্ট সুযোগ ছিল এবং এখনো সেই সুযোগ রয়েছে।
সিনেটর মার্কি বলেন, ‘‘এটি ট্রাম্পের তৈরি করা একটি সংকট। আমেরিকানরা মধ্যপ্রাচ্যে আর কোনো অন্তহীন যুদ্ধ চায় না। যখন দেশের মানুষ স্বাস্থ্যসেবার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে, তখন তারা চায় না যে আমাদের তরুণদের বিদেশের মাটিতে অন্তহীন যুদ্ধের জন্য পাঠানো হোক।’’
মার্কি জোর দিয়ে বলেন, যদি ট্রাম্প এখনই এই যুদ্ধ বন্ধ না করেন, তবে কংগ্রেসকে তা থামাতে হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘‘ইরানের সাথে আর কোনো যুদ্ধ নয়।’’ সূত্র: আল জাজিরা
মাহফুজ/