পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, চলমান আঞ্চলিক উত্তেজনার পেছনে জায়নবাদীদের একটি সুপরিকল্পিত এজেন্ডা রয়েছে এবং এর মূল লক্ষ্য হলো যুদ্ধের প্রভাব পাকিস্তানের সীমান্ত পর্যন্ত নিয়ে আসা।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, আফগানিস্তান, ইরান ও ভারতের একটি অভিন্ন অবস্থান পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতার পরিবেশ তৈরি করতে পারে। এতে দেশের সীমান্ত অনিরাপদ হয়ে পড়বে এবং পাকিস্তান চারদিক থেকে চাপে পড়ে যাবে।
তিনি বলেন, ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ইসলামি বিশ্বের ওপর যত যুদ্ধ ও বিপর্যয় নেমে এসেছে, তার পেছনে সরাসরি বা পরোক্ষভাবে জায়নবাদী মতাদর্শের হাত রয়েছে। তার ভাষ্য, জায়নবাদ গত এক শতাব্দী ধরে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করে আসছে এবং বড় শক্তিগুলোও এর প্রভাবে পরিচালিত হচ্ছে।
ইরান প্রসঙ্গে খাজা আসিফ বলেন, সমঝোতার প্রস্তুতি থাকা সত্ত্বেও ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ, এই সংঘাতের নেপথ্য লক্ষ্য হলো ইসরায়েলের প্রভাব বিস্তার করে তা পাকিস্তানের সীমান্তঘেঁষা অঞ্চলে নিয়ে আসা।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তিনি পাকিস্তানকে পরমাণু শক্তিতে পরিণত করতে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পাকিস্তানের ২৫ কোটি নাগরিককে রাজনৈতিক ও ধর্মীয় বিভেদ ভুলে সম্ভাব্য ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান খাজা আসিফ।
মাহফুজ/