ইরান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ উদ্ধৃত ইরানের রেড ক্রিসেন্টের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলাগুলোতে ৩ হাজার ৬০০টিরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানি রেড ক্রিসেন্টের প্রধানের তথ্যমতে, এখন পর্যন্ত ৩ হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯০টি ঘরবাড়ি, ৫২৮টি বাণিজ্যিক কেন্দ্র, ১৩টি চিকিৎসা স্থাপনা এবং নয়টি রেড ক্রিসেন্ট কেন্দ্র রয়েছে। এখন পর্যন্ত অন্তত ১,২৩০ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। যুদ্ধের প্রথম দিনেই দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ১৭৫ জন স্কুলছাত্রী ও শিক্ষক নিহত হন।
ওই কর্মকর্তা আরও জানান, খাতাম হাসপাতাল, গান্ধী হাসপাতাল এবং অন্যান্য পুনর্বাসন ও কল্যাণ কেন্দ্রসহ বেশ কয়েকটি বড় হাসপাতাল এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানি কর্তৃপক্ষের ভাষ্যমতে, হামলার সময় হাসপাতালের ভবনগুলোর কাঠামো ভেঙে পড়ায় বেশ কয়েকজন রোগী আহত হয়েছেন। এছাড়া ভালিআসর বার্ন হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।
ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এই ক্ষয়ক্ষতির যাবতীয় নথিপত্র এবং প্রমাণাদি আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে, যাতে পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। সূত্র: আল জাজিরা
মাহফুজ/