ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
বুধবার (১৮ মার্চ) আধাসরকারি সংবাদসংস্থা তাসনিম জানায়, ‘দেশের স্পর্শকাতর এলাকাগুলোর ছবি ও তথ্য মোসাদ কর্মকর্তাদের সরবরাহ করার দায়ে ইরানের সর্বোচ্চ আদালত রায় ঘোষণার পর এক ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’
তাসনিম জানায়, সুইডেনে থাকাকালীন একটি গ্রুপ ট্র্যাভেল বিজ্ঞাপনের লিঙ্কে নিজের বিবরণ পোস্ট করার পর ইসরায়েলি গোয়েন্দারা তাকে অনলাইনে নিয়োগ দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফার্সিভাষী একজন মোসাদ কর্মকর্তা প্রাথমিকভাবে তার সাথে যোগাযোগ করেন।
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালে জুন মাসে ইরানের সাভোজবোলাঘ শহর থেকে আইআরজিসি তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে অত্যাধুনিক গুপ্তচরবৃত্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং স্যাটেলাইট যোগাযোগ সরঞ্জাম ছিল।