থাইল্যান্ডে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার মালিকানাধীন সমুদ্রতীরবর্তী রিসোর্ট থেকে ২১ বাংলাদেশিসহ মোট ২২ জনকে আটক করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) চানা জেলায় তামবন না থাব এলাকার ওই রিসোর্টে অভিযান চালায় পুলিশ। আটক অপরজন মিয়ানমারের এক তরুণী।
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, আটক প্রত্যেকে অবৈধভাবে দেশটিতে গিয়েছিলেন। তাদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে। তাদের থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল একটি চক্রের।
অভিযানের বর্ণনা দিয়ে পুলিশ বলছে, অবৈধ অভিবাসীদের সেখানে লুকিয়ে রাখা হয়েছে, এমন খবরের ভিত্তিতে বুধবার ইমিগ্রেশন ও পর্যটন পুলিশ ওই রিসোর্টে অভিযান চালায়।
অভিযানের সময় রিসোর্টের ৬৬ বছর বয়সী মালিক কৃতিদেতকেও আটক করা হয়। তিনি দেশটির একজন সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। কৃতিদেত থাইল্যান্ডের সোংখলা প্রদেশের প্রশাসনিক ও নিরাপত্তা বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন।
আটক অভিবাসীরা বলেছে, তারা মালয়েশিয়া যাওয়ার জন্য দালালদের মাথাপিছু ৭ লাখ টাকা দিয়েছেন। এর জন্য বাংলাদেশ থেকে বিমানে প্রথমে তারা কম্বোডিয়া যান।
সেখান থেকে গত ৪ এপ্রিল সা কায়েও সীমান্ত দিয়ে হেঁটে থাইল্যান্ড প্রবেশ করেন। পরে ৮ এপ্রিল একটি কভার্ডভ্যানে করে তাদের ওই রিসোর্টে নিয়ে আসা হয়।
বর্তমানে তাদের চানা জেলার খুয়ান মিদ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এসএন/