জাপানের অন্যতম বৃহৎ বিমানসংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) পোকেমন ফ্র্যাঞ্চাইজির ৩০ বছর পূর্তি উদ্যাপনে উন্মোচন করেছে দুটি নতুন পোকেমন-থিমযুক্ত উড়োজাহাজ। এ দুটির নাম রাখা হয়েছে পোকেমন জেট রেড এবং পোকেমন জেট গ্রিন।
পোকেমন জেট রেড-্এ গায়ে স্থান পেয়েছে বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় ফায়ার-টাইপ স্টার্টার পোকেমন- যেমন চারম্যান্ডার, সিনডাকুইল, চিমচার, টেপিগ, স্করবান্নি ও ফুয়েকোকো। এটি বোয়িং ৭৮৭-৮ মডেলের, যা মূলত জাপানের অভ্যন্তরীণ রুটে চলাচল করবে।
অন্যদিকে, পোকেমন জেট গ্রিন হলো বোয়িং ৭৮৭-৯ মডেলের। এতে থাকছে গ্রাস-টাইপ স্টার্টার পোকেমনদের নকশা- যেমন বালবাসর, চিকোরিটা, ট্রিকো, টার্টউইগ, স্নাইভি, রাউলেট ও স্প্রিগাটিটো।
এই উড়োজাহাজটি আন্তর্জাতিক রুটে চলবে।
দুই উড়োজাহাজের ডিজাইনেই বিশেষ গুরুত্ব পেয়েছে জনপ্রিয় চরিত্র পিকাচু। শুধু বিমানের বাইরের অংশই নয়, ভেতরের পরিবেশেও থাকছে পোকেমন থিমের ছোঁয়া। যাত্রীদের জন্য থাকবে বিশেষ ডিজাইনের কাপ, ন্যাপকিন, হেডরেস্ট কভার এবং থিমভিত্তিক ইন-ফ্লাইট মিউজিক।
এএনএ জানায়, ২০২৬ সালের জুলাই মাস থেকে এই বিশেষ উড়োজাহাজগুলো যাত্রী পরিবহন শুরু করবে। টোকিওর হানেদা বিমানবন্দর থেকে সাপ্পোরো, ওসাকা, ফুকুওকা, ওকিনাওয়া, কাগোশিমা, হিরোশিমা, নাগাসাকি ও ইশিগাকিসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করবে বিমানগুলো।
একই সময়ে জাপানে চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম পোকেমন-থিমযুক্ত বিমানবন্দরও। ইশিকাওয়া প্রিফেকচারের নোটো সাতোয়ামা বিমানবন্দরকে সাময়িকভাবে ‘নোটো সাতোয়ামা পোকেমন উইথ ইউ এয়ারপোর্ট’ নামে সাজানো হবে। সেখানে থাকবে ফ্লাইং-টাইপ পোকেমনদের নানা সাজসজ্জা এবং বিশাল পিকাচু প্রদর্শনী, যা ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে। সূত্র: এডিটিভি
অমিয়/