কোটি বছর আগে পৃথিবীতে বাস করা অজানা এক জীবের অস্তিত্বের ইঙ্গিত মিলেছে মরুভূমির শিলার ভেতর। বিজ্ঞানীরা মার্বেল ও চুনাপাথরে এমন সব সুড়ঙ্গ খুঁজে পেয়েছেন, যেগুলো কোনো অণুজীবের তৈরি বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি জোহানেস গুটেনবার্গ ইউনিভার্সিটি মেইঞ্জের ভূতত্ত্ববিদ সিস পাসশিয়ার নামিবিয়া, ওমান ও সৌদি আরবের মরুভূমিতে এসব সুড়ঙ্গ আবিষ্কার করেন। প্রাকৃতিক ক্ষয়ে ভেতরের অংশ উন্মুক্ত হলে গবেষক দল সেখানে জৈব পদার্থের চিহ্ন পান।
গবেষকরা জানান, এটি কোনো প্রাকৃতিক ক্ষয় বা রাসায়নিক বিক্রিয়ার ফল নয়। ক্ষুদ্র জীব না থাকলে এমন গঠন সম্ভব নয়।
তাদের মতে, “যে সুড়ঙ্গগুলো তৈরি হয়েছে, তা জীববৈজ্ঞানিক উৎস ছাড়া ব্যাখ্যা করা যায় না।”
কোন জীবাণু তৈরি করেছে?
ব্যাকটেরিয়া, ছত্রাক ও লাইকেনের মতো জীব কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে। তবে সায়ানোব্যাকটেরিয়ার মতো জীব সূর্যের আলো ছাড়া বাঁচতে পারে না, তাই তারা এত গভীর সুড়ঙ্গ কাটতে সক্ষম নয়। ছত্রাক সাধারণত জটিল নেটওয়ার্ক তৈরি করে, কিন্তু এখানে সুড়ঙ্গগুলো সমান্তরাল ও সমান দূরত্বে, যা ছত্রাকের বৈশিষ্ট্য নয়। ফলে ধারণা করা হচ্ছে, এগুলো একক জীব নয়, বরং উপনিবেশ গড়ে তোলা কোনো অণুজীবের কাজ। সুড়ঙ্গের ভেতরে ক্যালসিয়াম কার্বোনেটের ধুলোও পাওয়া গেছে, যা পাথরের ভেতর বসবাসকারী জীবাণুর নিঃসরণ।
অতীত নাকি বর্তমানেও আছে?
যে অণুজীবগুলো এসব সুড়ঙ্গ তৈরি করেছিল, তারা হয়তো বহু আগেই বিলীন হয়ে গেছে। আবার হয়তো কোথাও এখনো লুকিয়ে আছে, নতুন সুড়ঙ্গ তৈরি করছে। বিজ্ঞানীরা বলছেন, একদিন হয়তো তাদের নতুন চিহ্ন মিলবে। সূত্র: ইয়াহু


