রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে শুরু হয়েছে দুই দিনব্যাপী ষষ্ঠ তরুণ বিজ্ঞানী কংগ্রেস।
এই আয়োজনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরছেন।
শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, তরুণ বিজ্ঞানীদের অংশগ্রহণে আয়োজিত এই কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।
তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি শুধু অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি নয়, বরং জাতীয় নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও মানবকল্যাণের অন্যতম ভিত্তি।
তিনি বলেন, সরকার একটি জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষার প্রসার, গবেষণাকে বাজারে রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন উদ্যোগের পরিবেশ শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তরুণ বিজ্ঞানীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ভবিষ্যতের নেতৃত্ব তাদের হাতেই। গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের কাজে লাগানোর আহ্বানও জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দিয়ে একটি জাতীয় গবেষণাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ডেটা নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পখাতে এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত নীতিমালা ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষা, ন্যানো ও জীবপ্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে উন্নয়নে কাজ চলছে। উদ্ভাবনকে বাজারের সঙ্গে সংযুক্ত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। শিগগিরই জাতীয় উদ্ভাবন মেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা জীবন ও কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আনছে। বাংলাদেশের তরুণ বিজ্ঞানীরাই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি।
তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে দেশের বাস্তব সমস্যা, স্বাস্থ্য, কৃষি ও উদ্ভাবন সমাধান করতে হবে এবং ডেটা নিরাপত্তা ও নৈতিকতা নিশ্চিত করতে হবে।
কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণ বিজ্ঞানীদের মধ্যে গবেষণার আগ্রহ বাড়ানো এবং আন্তর্জাতিক মানের উদ্ভাবন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. জেড এন তাহমিদা বেগম।
স্বাগত বক্তব্য দেন কংগ্রেসের চেয়ারপারসন ড. এ এস এম মতিউর রহমান এবং সূচনা বক্তব্য দেন ড. ইয়ারুল কবির।
“তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য” প্রতিপাদ্যে ৪ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত এই কংগ্রেসের আয়োজন করেছে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, তরুণ বিজ্ঞানী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
জয়ন্ত/অমিয়/


