১৯৭১ সালের ১৫ ডিসেম্বর। বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাঙালি। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি বাহিনীর অনেক ইউনিট। এদিন পাকিস্তানের প্রেসিডেন্টের বিশেষ দূত ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতা জুলফিকার আলী ভুট্টো পোল্যান্ডের দেওয়া আত্মসমর্পণের প্রস্তাবে ব্যাপক প্রতিক্রিয়া দেখান। এর আগে পোল্যান্ড বাংলাদেশের অবস্থা বিবেচনা করে পাকিস্তানি বাহিনীকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের প্রস্তাব দেয়। একই সঙ্গে বাংলাদেশ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা বলে।
ভুট্টো এ প্রস্তাবের জবাবে বলেন, ‘আমি সারেন্ডার ডকুমেন্ট নিয়ে ফিরতে চাই না। আমি একটি আগ্রাসন সমর্থনের ডকুমেন্টকে বৈধতা দিতে পারি না। নিরাপত্তা পরিষদ সম্পূর্ণ ব্যর্থ। চার দিন ধরে আমরা এখানে কথা বলছি। আর তারা কেবল ঢাকায় আত্মসমর্পণের প্রস্তাব তুলছে। কিন্তু কেন? কারণ তাদের লক্ষ্য ঢাকার পতন হওয়া। কিন্তু ঢাকার পতন হলে কী হবে? যদি সমগ্র পূর্ব পাকিস্তানের পতন হয়, তবে কী হবে? পশ্চিম পাকিস্তানের পতন হলেও কী হবে? এ রকম যদি হয়, আমরা নতুন পাকিস্তান গড়ব। নিরাপত্তা কমিশন সেই অনুযায়ীই এগিয়ে যাচ্ছে। আমরা কী করব বা নিরাপত্তা কীভাবে ফিরে আসবে, আমাদের এখানে এসে তা বলার কথা ছিল। কিন্তু এই প্রসঙ্গে সবাই চুপ।’
ভুট্টো তার বক্তব্যের শেষ প্রান্তে এসে প্রস্তাবের কাগজ ছিঁড়তে ছিঁড়তে বলেন, ‘আমরা যুদ্ধ চালিয়ে যাব। কেন আমি নিরাপত্তা পরিষদে সময় নষ্ট করছি? আমি যাচ্ছি। জাতিসংঘে এটাই আমার শেষ আসা।’ এ সময় তিনি (ভুট্টো) ও পাকিস্তান প্রতিনিধিদলের সদস্যরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন থেকে ওয়াকআউট করে চলে যান।
এদিকে প্রচণ্ড যুদ্ধের পর এদিন হানাদারমুক্ত হয় সিলেটের খাদিমনগর। আশপাশের শহরগুলো শত্রুমুক্ত করার পর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী ঘিরে ফেলে রাজধানী ঢাকাকে। টার্গেট একটাই–হানাদার বাহিনীর সর্বশেষ অবস্থান ঢাকা জয়। এদিন চট্টগ্রামের কুমিরায় পাকিস্তানি ঘাঁটিতে তীব্র আক্রমণ চালান মুক্তিযোদ্ধারা। পাকিস্তানি সৈন্যরা পালিয়ে যায় ফৌজদারহাটের দিকে। সেখানেও আক্রমণ চালায় অমিত তেজ বীর বাঙালি। মুক্তিযোদ্ধাদের অভিযানে হাটহাজারীতেও পাকিস্তানি সেনারা বিপর্যস্ত হয়ে পড়ে।
একাত্তরের এই দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি পাকিস্তান দূতাবাসের মাধ্যমে ভারতের কাছে যুদ্ধবিরতির আবেদন জানান। এ সময় ভারতীয় সেনাপ্রধান জেনারেল মানেকশ ১৬ ডিসেম্বর সকাল ৯টার মধ্যে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিয়ে জরুরি বার্তা পাঠান জেনারেল নিয়াজির কাছে। বার্তায় তিনি বলেন, আত্মসমর্পণের প্রস্তুতির জন্য ১৫ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ১৬ ডিসেম্বর ৯টা পর্যন্ত বিমান হামলা বন্ধ রাখা হবে। কিন্তু এর মধ্যে আত্মসমর্পণ না করলে প্রচণ্ড বিমান হামলা শুরু হবে।
পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের জন্য ভারতীয় সেনাপ্রধানের ঘোষণার পর ১৫ ডিসেম্বর বিকেল ৫টা থেকে পাকিস্তানি অবস্থানের ওপর বোমাবর্ষণ বন্ধ করে মিত্রবাহিনী। চারদিক থেকে পরাজিত হতে হতে হানাদাররা বুঝে ফেলে এই যুদ্ধে তাদের জন্য আর কোনো সুযোগ অবশিষ্ট নেই।