শীতকালে ঘন কুয়াশায় কোনো সমস্যা হলে জরুরি ভিত্তিতে বিমান অবতরণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
রবিবার (১৭ নভেম্বর) বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের সময় তিনি এ নির্দেশনা দেন।
মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, আগে শীতকালে ঘন কুয়াশায় কোনো বিমান ঢাকায় অবতরণ করতে সমস্যা হলে অন্য দেশের বিমানবন্দরে অবতরণ করতে হতো। এবার বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো বিমান ঢাকায় অবতরণ করতে না পারলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সে লক্ষ্যে শাহ আমানত বিমানবন্দর সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা এবং বাকি তিন দিন একইভাবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর খোলা থাকবে।
এ সময় বেবিচক চেয়ারম্যান যাত্রী প্রান্তিক ভবন, যাত্রী লাউঞ্জ, রানওয়ে, অ্যাপ্রোন, নতুন বোর্ডিং ব্রিজ, শিশুপার্ক, ড্রাইভওয়েসহ অন্যান্য চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন। তিনি প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং কাজগুলো দ্রুত শেষ হলে যাত্রীদের সেবার মান বাড়বে বলে আশা রাখেন।
এসব কার্যক্রম দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (অর্থ) এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, এএফডব্লিউসি, পিএসসিসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী।
এর আগে সকালে বেবিচকের সহযোগিতায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অরবিস ফ্লাইং আই হসপিটালের দুই সপ্তাহব্যাপী কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান ও অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও ডেরেক হডকি উপস্থিত ছিলেন।
তাওফিক/অমিয়/