এক ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ডিএমপি সদর দপ্তরে ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ব্যাটারিচালিত রিকশা নিয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে জানিয়ে কমিশনার বলেন, ‘প্রস্তাবিত নীতিমালার আলোকে এখন থেকে একজন ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না। এ ক্ষেত্রে যিনি চালক তিনি মালিক, এ নীতিকে প্রাধান্য দেওয়া হবে। ব্যাটারিচালিত রিকশা কিছু ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও অনেক সমস্যা সৃষ্টি করছে। আমাদের এসব সমস্যার সমাধান করতে হবে।’
ডিএমপি কমিশনার বাস চলাচলকারী সড়কসহ মূল সড়কে যেন এসব ব্যাটারিচালিত রিকশা না চলে সে জন্য মালিক-শ্রমিক সবাইকে আহ্বান জানান। এ ছাড়া ঢাকা মহানগরের বাইরের ব্যাটারিচালিত রিকশা মহানগরে প্রবেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
পরিবহন খাতে সব শ্রেণির চাঁদাবাজের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সাজ্জাত আলী বলেন, ‘কোনো রকম চাঁদাবাজি বরদাশত করা হবে না। পরিবহন মালিক-শ্রমিক কেউ যেন কাউকে কোনো চাঁদা না দেন।’ কেউ চাঁদা দাবি করলে তা নিকটস্থ থানা বা পুলিশ ফাঁড়িকে জানানোর জন্য তিনি উপস্থিত সবাইকে অনুরোধ করেন।
এ সভায় অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বিভিন্ন বিষয় উপস্থাপন করেন এবং সেসব সমাধানে পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার ও উপপুলিশ কমিশনার, ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।