দুর্নীতি করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি কোনো অনিয়ম, দুর্নীতি করা হয় তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা কোনোভাবেই আমি বরদাস্ত করব না। কোনো অর্থনৈতিক দুর্নীতি, অনিয়ম এ সব করা যাবে না। যদি আমার কাছে কোনো রিপোর্ট আসে আপনারা কোনো অনিয়মের সঙ্গে জড়িত, কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত, তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এক্ষেত্রে বিন্দু পরিমাণও ছাড় দেব না।’
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ফরিদপুর পুলিশ লাইনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আপনারা পুলিশ সদস্যরা জনগণের সেবক হিসেবে কাজ করবেন, জনগণের কল্যাণের জন্য কাজ করবেন, জনগণের শান্তির শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করবেন। একটি কথা মনে রাখবেন, আমরা কিন্তু জনগণের সেবার জন্যই কাজ করছি। কোনো সেবাগ্রহীতা যেন আপনাদের কাছে এসে ফেরত না যায় সেদিকে খেয়াল রাখবেন। কোনো দর্শনার্থী আপনার সাক্ষাতে এসে আপনার সাক্ষাৎ না পেয়ে চলে যায় সেটি কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হবে। আপনাদের কাছে যারা আসবেন, তাদের সর্বোচ্চ সহযোগিতা করে তাদের কাজটি করে দেবেন। সেক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জনগণের জান-মালের নিরাপত্তার জন্য যা যা করণীয় আপনার সবকিছুই করবেন। আইন শৃঙ্খলার যেন কোন অবনতি না হয় সেদিকে সবসময় খেয়াল রাখবেন।’
ডিআইজি বলেন, ‘এর আগে ফ্যাস্টিট সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল। আমি নিজেও ১৮ বছর নির্যাতনের এবং অবহেলার শিকার হয়েছি। বর্তমান পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে।’
এ সময় ফরিদপুরের জুলাই আন্দোলনে সাত শহিদ পরিবারের মধ্যে উপহার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ অন্যরা।
পরে তিনি পুলিশ লাইনে মাল্টিপারপাস হল (কল্যাণ সেড) উদ্বোধন করেন।
সঞ্জিব/রিফাত/