আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তাই তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না।'
আওয়ামী লীগ গুপ্তভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের কার্যক্রম বন্ধ করতে কোন উদ্যোগ নেওয়া হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।'
আওয়ামী লীগের পরিকল্পনা ও গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে। পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে। তাছাড়া সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাই যেভাবে এ বিষয়ে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই।'
তিনি আরও বলেন, 'মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময়ই বলে আসছি- আমাদের সাংবাদিকরা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।'
বাসস/মেহেদী/