ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও তার স্ত্রী মৃণাল ত্রিবেদী।
শুক্রবার (১২ জুন) দুপুরে বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দিনেশ ত্রিবেদী ও মৃণাল ত্রিবেদীকে বাংলাদেশে উষ্ণ অভ্যর্থনা জানান ডেপুটি হাইকমিশনার পবন বঢ়ে।
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে এপ্রিলের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা ও দিল্লির সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। পরবর্তীতে দুই দেশ সেই তিক্ততা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিভিন্ন পদক্ষেপ নেয়। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে রাজনীতিবিদ দিনেশ ত্রিবেদীকে পাঠিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এর মাধ্যমে দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিল ভারত।
৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেট পেশের সময় যাত্রীভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়ে তিনি দলীয় নেতৃত্বের সমালোচনার মুখে পড়েন এবং পরে পদত্যাগ করতে বাধ্য হন।
এ ছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দিনেশ ত্রিবেদী লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং পরের মাসেই বিজেপিতে যোগ দেন।
রবিউল/রিফাত/