শিশুদের নিয়ে ‘প্রকৃতি ও ঐতিহ্য পাঠ’ শিরোনামে এবার রাজধানীর মিরপুরে বোটানিক্যাল গার্ডেন এ একটি ব্যাতিক্রমধর্মী আয়োজন সফলভাবে সম্পন্ন করল বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের ৫ টি শাখার শিশু, অভিভাবক ও কর্মীরা ঋতুরাজ বসন্তকে সাদরে গ্রহণ করতে মেতে উঠেছিল বোটানিক্যাল গার্ডেনে।
এদিন বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আগ্রহী যেকোনো শিশু এতে অংশগ্রহণ করার সুযোগ ছিলো এবং আগ্রহী অংশগ্রহণকারী শিশুদের বিদ্যালয়ে ভর্তি ফি ছাড়া ভর্তি হওয়ার সুযোগও ছিল।
বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের পরিচালক মারিয়াম ইউসূফ জানান, বোটানিক্যাল গার্ডেনে মন খুলে শিশুরা ছুটে বেড়িয়েছে, দেখেছে নানাবিধ গাছ, গাছের পাতা ও ফুল চিনেছে। ফাগুনের হাওয়া বইতে শুরু করেছে, গাছে গাছে নতুন পাতার আগমনবার্তায় বসন্ত আসার সপ্তাহখানেক আগেই আমরা সকলে বসন্তকে বরণ করার প্রত্যাশায় বাসন্তী আবরণে সেজেছি। শিশুরা প্রকৃতির সান্নিধ্যে এসে গাছ ও গাছের পাতা, ফুল দেখা, কোকিল এর ডাকে বিভোর ছিল। এছাড়া আমরা শিশুদের নিয়ে বোটানিক্যাল গার্ডেনে ‘‘বেয়ারফুট ট্রেইল’’ এ খালি পায়ে হেঁটে অনুভব করেছি বালু, নুড়ি পাথর, গাছের গুড়ির স্পর্শ।
বাতিঘরের কর্মী সাবিহা সুলতানা শিমু বলেন, এই ক্লাসটা আমাদের নিয়মিত শিডিউল এর মধ্যেই পড়ে। মানে আবৃত্তি, গান, নাচ, ড্রয়িং, ক্রাফটিং ক্লাসের মতোই ‘প্রকৃতি ও ঐতিহ্য পাঠ’ ক্লাসটিও নিয়মিতভাবেই কিছুদিন পর পর থাকে। তবে আজকে আমরা শিশুদের নিয়ে ৩০০ ফিট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রশস্ত খালি পায়ে হাঁটা পথে হেঁটেছি, শিশুরা অনেক মজা করেছে, পানি দেখে কেউ কেউ সাঁতার কাটার জন্য অস্থির হয়ে পড়েছিল, কেউ কেউ বালিতে বসে পড়ে বালি দিয়ে খেলা শুরু করেছিলো, আবার কেউ কেউ গাছেও উঠেছিল।
প্রসঙ্গত, বধূবরণ, জামাইবরণ ও গায়ে হলুদসহ নানান অনুষঙ্গ উপস্থাপনের মাধ্যমে সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে পুতুল বিয়ে উৎসব। বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের আয়োজনে গত ২৪ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে শিশুদের অংশগ্রহণে এই উৎসব অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমি এই আয়োজনও সংস্কৃতি অঙ্গণে বেশ সাড়া ফেলে।
মাহমুদুল/মাহফুজ