জাতীয় সংসদে সংসদ সদস্যদের সংসদীয় রীতিনীতি ও সাধারণ শিষ্টাচার লঙ্ঘনের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে সম্প্রতি ঘটে যাওয়া আচরণগত নানা ঘটনা তুলে ধরে স্পিকার সংসদ সদস্যদের সব নিয়ম-রীতি মেনে চলতে কঠোর ভাষায় আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিনে স্পিকার এ আহ্বান জানান।
তিনি বলেন, অনেক সদস্য কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় স্পিকারের চেয়ারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করছেন না, যা সংসদের প্রতিষ্ঠিত রীতির পরিপন্থি।
তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী প্রচলিত নিয়ম অনুযায়ী সংসদে প্রবেশ ও প্রস্থানের সময় চেয়ারের প্রতি সম্মান জানানো বাধ্যতামূলক, কিন্তু তা অনেকেই মানছেন না। এ ছাড়া অধিবেশন চলাকালে সদস্যদের চলাচল, মোবাইল ফোন ব্যবহার এবং আচরণেও অনিয়ম দেখা যাচ্ছে।
তিনি জানান, কেউ কেউ বক্তা ও স্পিকারের মধ্যবর্তী স্থান দিয়ে যাতায়াত করছেন, যা শোভন নয়। এমনকি দর্শক গ্যালারিতে বসা অতিথিদের সঙ্গে হ্যান্ডশেক করার ঘটনাও ঘটেছে, যা সংসদের মর্যাদার পরিপন্থি।
মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে তিনি বলেন, সংসদ কক্ষে টেলিফোনে কথা বলার কোনো নিয়ম নেই।
এ ছাড়া সংসদে পানাহারের ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আচরণ অতীতে দেখা যায়নি। এটি সংসদের ঐতিহ্যের সঙ্গে অসংগতিপূর্ণ।
পরিস্থিতি বিবেচনায় স্পিকার নতুন সদস্যদের সংসদীয় কার্যপ্রণালি বিধি ভালোভাবে অধ্যয়ন করার পরামর্শ দেন।
স্পিকার আরও বলেন, নিয়ম সম্পর্কে ধারণা থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।
সংসদের মর্যাদা রক্ষায় সব সদস্যকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে স্পিকার আরও বলেন, প্রচলিত রীতিনীতি অনুসরণ করাই গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের অন্যতম শর্ত।