ভূমিসেবা বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ভূমি ব্যবস্থাপনা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে, ফলে সাধারণ মানুষ এখন ঘরে বসেই বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।
মঙ্গলবার (১৯ মে) সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভূমিসেবা বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্কার কার্যক্রমের ফলে জনগণ এখন আগের মতো ভূমি-সংক্রান্ত সেবা পেতে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন না। দালালচক্রের খপ্পরে পড়ার প্রয়োজনও নেই। ভূমি অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন।
১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী মেলায় ভূমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, মেলার মূল উদ্দেশ্য হলো ডিজিটাল পদ্ধতিতে ভূমিসেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের মতামত ও প্রতিক্রিয়া সংগ্রহ করা।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
অনুষ্ঠানে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকীসহ রাজনৈতিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এসএন/