তীব্র গরমের মধ্যে গতকাল সোমবারের ঝুম বৃষ্টি ঢাকাবাসীকে কিছুটা স্বস্তি দিয়েছে। তবে এটি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কোরবানির ঈদযাত্রীদের।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৮ মে ঈদুল আজহার দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঈদের সারা দিন আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির খবরের কাগজকে বলেন, ‘ঈদের দিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে অর্থাৎ রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। সারা দিন আকাশ মেঘলা থাকবে। সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি থাকবে বিক্ষিপ্তভাবে।’ তবে ঢাকা ও রাজশাহী বিভাগে উত্তরের জেলাগুলোর তুলনায় বৃষ্টি কিছুটা কম হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও কম বলে জানান এই আবহাওয়াবিদ।
রাজধানীবাসীর ঈদের দিনের প্রস্তুতি কেমন হতে পারে, সে বিষয়ে তরিফুল নেওয়াজ কবির জানান, ঈদের ঠিক আগের রাতে ও ঈদের দিন সকালে ঢাকায় বৃষ্টির কিছুটা সমীকরণ রয়েছে।
তিনি বলেন, ‘ঢাকার ক্ষেত্রে ২৭ মে (ঈদের আগের দিন) রাতে বৃষ্টি হবে। এরপর ২৮ মে ঈদের দিন সকালের দিকেও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে ঈদের দিন কাটিয়ে আবার ২৯ মে’র দিকে ঢাকায় বৃষ্টিপাত বাড়তে পারে।’
সোমবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীতে হঠাৎ অন্ধকারের মতো মেঘ করে ঝুম বৃষ্টি নামে। এটিকে একটি স্থানীয় ‘থান্ডার সেল’ বা বজ্রঝড় হিসেবে উল্লেখ করেন তিনি। এটি উত্তর দিক থেকে ক্রমান্বয়ে দক্ষিণ দিকে সরে যায়। এর কারণে মাত্র এক ঘণ্টাতেই রাজধানীতে ৪৯ মিলিমিটারের মতো ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রামের কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে এখনো মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনাসহ খুলনা বিভাগের ১০টি জেলাসহ মোট ১৯টি জেলায় এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া ঢাকাসহ বেশ কয়েকটি অঞ্চল ১ নম্বর সতর্ক সংকেতের আওতায় রয়েছে।